সেলিম মাহবুব,সিলেট:
যুক্তরাষ্ট্রের মিশিগানে পুলিশের গুলিতে আতিকুর রহমান (১৯) নামের এক সিলেটি তরুণ নিহত হয়েছেন। শুক্রবার (১২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে মিশিগান রাজ্যের ওয়ারেন শহরে এ ঘটনা ঘটে। আতিকুর রহমান বাংলাদেশি তরুণ। তিনি সিলেটের বিয়ানীবাজার থানার সুপাতলা গ্রামের ময়নুল ইসলামের ছেলে। জানা যায়, নিজ বাসায় হাতে অস্ত্র নিয়ে বাবা-মা"সহ পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন করছিলেন তিনি । তার উশৃঙ্খল আচরণে ভয় পেয়ে যায় পরিবারের লোক। আতঙ্কিত হয়ে আতিকুরের মা-বাবা ছোট বোনকে নিয়ে গ্যারেজে গাড়ীর ভেতর আশ্রয় নেন। এসময় তার ছোট ভাইয়ের (১৬) ফোনকল পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। তারা আতিকুরকে সশস্ত্র অবস্থায় দেখতে পেয়ে অস্ত্র ফেলে আত্মসমর্পণ করতে বলে। কিন্তু এতে কর্ণপাত করেনি সে। বরং অস্ত্র হাতে ঘর থেকে বাইরে আসার চেষ্টা করেন। এসময় পুলিশ গুলি চালায়।
তবে আতিকুর কেন এমন আচরণ করছিল, এমন প্রশ্নে অভিভাবকরা কোনো সদুত্তর দিতে পারেননি। পরিবারটি প্রায় ৫ বছর হলো ইমিগ্র্যান্ট হয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করে আসছে। এ ঘটনায় দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশি অধ্যুষিত মিশিগানে শোকের ছায়া নেমে এসেছে এবং কমিউনিটিতে উদ্বেগ-উৎকন্ঠা বিরাজ করছে।উল্লেখ্য, গত ২৭ মার্চ নিউইয়র্কের ওজন পার্কে ১৯ বছর বয়সী যুবক উইন রোজারিও পুলিশের গুলিতে নিহত হয়। উভয় ঘটনা তদন্তাধীন আছে বলে জানাগেছে।