
সেলিম মাহবুব,সিলেট:
ছাতকে সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযানে ৫ শতাধিক অবৈধ স্থাপনা ভেঙ্গে দেয়া হয়েছে। বুধবার দিনভর সিলেট-সুনামগঞ্জ সড়কের জাউয়া ও গোবিন্দগঞ্জ এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে সওজ বিভাগের লোকজন। এর আগে বেশ কয়েকদিন ধরে সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে সরকারী ভুমি উদ্ধারের লক্ষ্যে উচ্ছেদ অভিযানের বিষয়টি মাইক যোগ প্রচার-প্রচারনা করে আসছিল সওজ কর্তৃপক্ষ। মঙ্গলবার সকাল থেকেই জাউয়া ও গোবিন্দগঞ্জ এবং এর আশাপাশ এলাকায় শুরু হয় উচ্ছেদ অভিযান। সরকারী ভুমি দখল করে গড়ে উঠা দোকান-পাট সহ ৫ শতাধিক অস্থায়ী স্থাপনা বোলড্রোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়। সওজ’র নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল লতিফের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এসময় সওজ’র নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম সহ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

অভিযান চলা অবস্থায় এক পর্যায়ে ভোক্তভুগি লোকজন বিক্ষোব্ধ হয়ে উঠে। তারা সংঘবদ্ধ হয়ে উচ্ছেদ অভিযানের বিরোধিতা করে প্রতিবাদ জানায়। সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে রাখে তারা। রাস্তায় বসে পড়ে বিভিন্ন পেশার শ’ শ’ ক্ষুদ্র ব্যবসায়ী। এতে সিলেট-সুনামগঞ্জ ও ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। তীব্র যানজটের সৃষ্টি হয় গোবিন্দগঞ্জ মুক্তিযোদ্ধা চত্ত্বরের উভয় পাশে। শ’ শ’ যাত্রী ও মালবাহী গাড়ী আটক পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়েন যাত্রী সাধারন। খবর পেয়ে তাৎক্ষনিক ছাতক থানার অফিসার ইনচার্জ শাহ আলম ঘটনা স্থলে পৌছে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার পরামর্শ দেন অবরোধকারীদের। প্রায় দেড় ঘন্টা পর অবরোধকারীরা সড়ক ছেড়ে দিলে যানচলাচল আবারো স্বাভাবিক হয়ে উঠে।
Leave a Reply