রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ৮নং নন্দুয়ার ইউনিয়নের ঘুনিয়া গ্রামের চিত্র যেন একেবারেই ভিন্ন। উপজেলার বেশিরভাগ সড়ক পাকা হলেও স্বাধীনতার পর থেকে ঘুনিয়া গ্রামে কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি। গ্রামজুড়ে কাঁচা রাস্তার কারণে বর্ষাকালে চরম দুর্ভোগ পোহাতে হয় স্থানীয়দের। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থীদের কাদা-মাটি মাড়িয়ে কষ্ট করে বিদ্যালয়ে যেতে হয়। গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসা থাকলেও মৌলিক অবকাঠামোগত উন্নয়ন থেকে বঞ্চিত এলাকাটি। দীর্ঘদিন ধরে কোন সরকারের সময়ই এ গ্রামের মানুষ পাকা সড়কের স্বপ্ন পূরণ হতে দেখেননি।

স্থনীয়দের অভিযোগ, রাজনৈতিক কারণে তারা উন্নয়ন বঞ্চিত। অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা বিএনপিকে ভোট দেওয়ার কারণে আমাদের গ্রামে উন্নয়নের কাজ হয়নি।” এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসীর প্রশ্ন—যেখানে রাণীশংকৈলের প্রায় সব সড়কই আজ পাকা, সেখানে ঘুনিয়া ব্যতিক্রম কেন? সোমবার (২২ সেপ্টেম্বর) সরেজমিনে দেখা যায়, গ্রামবাসী নিজস্ব অর্থায়নে স্থানীয় যুবকদের সহযোগিতায় কাঁচা রাস্তার বিভিন্ন গর্ত সংস্কারের কাজ করছে। এতে রাস্তা কিছুটা চলাচলযোগ্য হলেও টেকসই সমাধান হয়নি।

এ সময় তারা সরকারের কাছে সহযোগিতা কামনা করেন এবং দ্রুত এসব রাস্তা পাকা করার জোর দাবি জানান। নন্দুয়ার ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল বারী জানান, আমার পরিষদে তেমন বরাদ্দ নেই। তবে এবার বরাদ্দ এলে রাস্তার কাজ করা হবে।
উপজেলা ভারপ্রাপ্ত প্রকৌশলী আনিসুর রহমান বলেন, সরেজমিন পরিদর্শন করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।