ওসমান গনি গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলা যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় পালিত হয়েছে অমর একুশে ফেব্রুয়ারি ও মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রাত ১২টা ১ মিনিটে উপজেলা পরিষদ চত্বরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
স্থানীয় সংসদ সদস্য কামরুজ্জামান রতন-এর পক্ষে থানা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রফেসর গিয়াস উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. হামিদা মুস্তফা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথী,গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাসান আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাকির হোসেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সর্বস্তরের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে। শহীদ মিনার প্রাঙ্গণ পরিণত হয় এক আবেগঘন পরিবেশে; ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের সুর আর শ্রদ্ধার ফুলে ভরে ওঠে চারপাশ।
শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়েই বাঙালি জাতি তার স্বাধিকার আন্দোলনের ভিত্তি রচনা করে। মাতৃভাষার মর্যাদা রক্ষায় তাদের এই আত্মদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
অমর একুশের এই প্রহরে গজারিয়াবাসী নতুন প্রজন্মের মাঝে ভাষা আন্দোলনের চেতনা ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।