হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ‘ফুটবল ডে’। এশিয়াজুড়ে নারী ফুটবলকে আরও জনপ্রিয় ও অংশগ্রহণমূলক করে তুলতে Asian Football Confederation (এএফসি) ঘোষিত এই বিশেষ দিবসকে ঘিরে রবিবার (৮ মার্চ) উপজেলার রাঙাটুঙ্গী ইউনাইটেড ফুটবল একাডেমি মাঠ যেন রূপ নেয় নারী শক্তির এক উৎসবমুখর মঞ্চে।দিনের শুরুতেই অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য বাইসাইকেল র্যালি। রাঙাটুঙ্গী প্রমিলা ফুটবল মাঠ থেকে শুরু হওয়া র্যালিটি আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাঠে এসে শেষ হয়। রঙিন ব্যানার, স্লোগান আর প্রাণচাঞ্চল্যে ভরপুর এই র্যালিতে অংশ নেন নারী ফুটবলার, কিশোরী শিক্ষার্থী, কোচ ও ক্রীড়াপ্রেমীরা। বে-সরকারি সংস্থা Eco-Social Development Organization (ইএসডিও) এডুকোর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বাইসাইকেল র্যালির পাশাপাশি অনুষ্ঠিত হয় অনুপ্রেরণামূলক আলোচনা সভা। অনুষ্ঠানে প্রায় ১৫০ জন নারী খেলোয়াড়ের মাঝে টি-শার্ট ও সনদপত্র বিতরণ করা হয়। রাঙাটুঙ্গী ইউনাইটেড ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা তাজুল ইসলাম বলেন, “এই প্রত্যন্ত অঞ্চল থেকেই অনেক মেধাবী নারী ফুটবলার উঠে এসেছে। তারা আজ জাতীয় পর্যায়ে খেলছে, এমনকি

বিদেশের মাটিতেও অংশ নিয়ে দেশের পাশাপাশি এলাকার মুখ উজ্জ্বল করছে। সঠিক প্রশিক্ষণ ও সুযোগ পেলে গ্রামের মেয়েরাও আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের সামর্থ্য প্রমাণ করতে পারে।”অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাডেমির ফুটবল প্রশিক্ষক গোপাল মুর্মু সুগা, ইএসডিও এডুকোর প্রোগ্রাম কো-অর্ডিনেটর শরিফুল ইসলাম, রাণীশংকৈল প্রেসক্লাবের সাবেক সভাপতি মোবারক আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নারী খেলোয়াড়রা। বক্তারা বলেন, নারী ফুটবল কেবল একটি খেলা নয়,এটি আত্মবিশ্বাস, সাহস এবং সম্ভাবনার প্রতীক। গ্রামীণ জনপদের এমন উদ্যোগ নতুন প্রজন্মের মেয়েদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলবে এবং নারী ক্ষমতায়নের পথকে আরও সুদৃঢ় করবে। দিনব্যাপী এই আয়োজন যেন একটি বার্তাই ছড়িয়ে দেয়,গ্রামের মাটির মাঠ থেকেই জন্ম নিচ্ছে আগামীর সম্ভাবনাময় নারী ফুটবলার, যারা একদিন জাতীয় পতাকা উড়িয়ে বিশ্বমঞ্চে দেশের গৌরব বাড়াবে।