হুমায়ুন কবির,রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল সংগ্রহ ও অতিরিক্ত দামে খোলা বাজারে বিক্রির উদ্দেশ্যে মজুদের অভিযোগে এক ব্যবসায়ীকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। একই ঘটনায় সংশ্লিষ্ট লরিচালককেও জরিমানা করা হয়েছে।সোমবার (৬ এপ্রিল) ভোররাতে উপজেলার মীরডাঙ্গী এলাকায় স্থানীয় জনতার সন্দেহ ও ধাওয়ার মুখে দিনাজপুর থেকে আসা প্রায় ২ হাজার ৫০০ লিটার জ্বালানি তেলবোঝাই একটি লরি নেকমরদ এলাকায় আটক করা হয়। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে রাণীশংকৈল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লরিটি জব্দ করে এবং জড়িত ব্যবসায়ী ও চালককে আটক করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে একই দিন দুপুরে নেকমরদ এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজহারুল আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে ভরনিয়া হাট এলাকার ব্যবসায়ী আসাদুজ্জামানকে পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ২০(১) ধারায় দোষী সাব্যস্ত করে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি তেল পরিবহনকারী লরির চালক, দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বাসিন্দা মো. রন্জুকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
রাণীশংকৈল থানার উপপরিদর্শক (এসআই) রহমতুল্লাহ রনি জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালায় এবং ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেলসহ দুইজনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অবৈধভাবে তেল ক্রয় ও পরিবহনের বিষয়টি স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক শাস্তির ব্যবস্থা নেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক জানান, জব্দকৃত জ্বালানি তেল স্থানীয় একটি ফিলিং স্টেশনের মাধ্যমে বিক্রি করা হয়েছে এবং সেই অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। তিনি আরও বলেন, অবৈধ জ্বালানি তেল মজুদ ও কালোবাজারি প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা প্রশাসনের এমন দ্রুত পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।