হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি:
এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে জ্বালানি তেলের কোনো বাস্তব সংকট নেই; বরং অসাধু ব্যবসায়ীদের মজুতদারি ও কালোবাজারির কারণেই কৃত্রিম সংকট তৈরি হয়েছে। এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড বন্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের সহায়তা বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মন্ত্রী বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি সত্ত্বেও বাংলাদেশের তেল সরবরাহে কোনো ঘাটতি নেই। একটি চক্র কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করছে, যা দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের জন্য ক্ষতিকর। তিনি আরও জানান, দেশের উন্নয়নে নতুন পরিকল্পনা বাস্তবায়নের কাজ চলছে এবং তারেক রহমান-এর নেতৃত্বে অর্থনীতিকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন ও নগদ অর্থসহ প্রায় ২০ কোটি টাকার সহায়তা বিতরণ করা হয়। এছাড়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য বরাদ্দপত্র প্রদান করা হয়। এ সময় জেলা প্রশাসন ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।