ওসমান গনি গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জে গজারিয়া উপজেলা বৃষ্টির মধ্যে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে শাহাদাত হোসেন (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
গজারিয়া উপজেলার গজারিয়া ইউনিয়নের কলসেরকান্দি গ্রাম সংলগ্ন মাঠে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহাদাত হোসেন ওই গ্রামের লোকমান মিয়ার ছেলে।
পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে শাহাদাত তার পালিত গরুটি বাড়ির পাশের মাঠে চড়াতে দিয়ে আসেন। সকাল ১০টার পর হঠাৎ আকাশ মেঘলা হয়ে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। বৃষ্টির তীব্রতা না কমায় শাহাদাত মাঠ থেকে তার গরুটি আনতে যান। গরু নিয়ে বাড়ি ফেরার পথে সকাল পৌনে ১১টার দিকে আকস্মিক বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। পরবর্তীতে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নিকটস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গজারিয়া ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড ইউপি সদস্য জসিম উদ্দিন মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি জানান, আক্রান্ত হওয়ার পর স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ওই কৃষককে নিয়ে যাওয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত্যু নিশ্চিত করেন।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।