হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সভাপতি ও এলাকার সুপরিচিত মুখ মরহুম জননেতা ইয়াসিন আলীর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ এপ্রিল) সন্ধ্যায় নেকমরদ ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব জাহিদুর রহমান জাহিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর (আলিফ)। এছাড়াও উপস্থিত ছিলেন নেকমরদ ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক (মানিক), সাধারণ সম্পাদক তাঞ্জামুল ইসলাম (তানজু)সহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। দোয়া মাহফিলে বক্তারা মরহুম ইয়াসিন আলীর রাজনৈতিক জীবন, সামাজিক অবদান ও জনসেবামূলক কর্মকাণ্ডের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, ইয়াসিন আলী ছিলেন একজন নিবেদিতপ্রাণ নেতা, যিনি সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। অনুষ্ঠানের শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।