হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি:
সংসারের হাল ধরতে ছাগল বিক্রির আশায় বাড়ি থেকে বের হয়েছিলেন। কিন্তু জীবিকার সেই সংগ্রামই শেষ পর্যন্ত কেড়ে নিল তার প্রাণ। ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জ ছাগলের বাজারে তীব্র তাপপ্রবাহ ও প্রখর রোদের মধ্যে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন আযরত আলী ওরফে আজাদ (৫০) নামে এক ছাগল ব্যবসায়ী।সোমবার (১ জুন) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ (মাদারগঞ্জ) ছাগলের বাজারে মর্মান্তিক এ ঘটনা ঘটে। নিহত আযরত আলী পীরগঞ্জ উপজেলার ভোমড়াদহ ইউনিয়নের গাড়াধাপ গ্রামের মৃত আলীম উদ্দিনের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি ছাগল কেনাবেচার ব্যবসার মাধ্যমে পরিবারের জীবিকা নির্বাহ করতেন। ভোমড়াদহ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করেছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরে অসহনীয় গরম ও তীব্র রোদের মধ্যে বাজারে ছাগল বিক্রির জন্য অবস্থান করছিলেন আজাদ। ঘণ্টার পর ঘণ্টা খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকার একপর্যায়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। উপস্থিত ব্যবসায়ী ও স্থানীয়রা তাকে বাঁচানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়দের ধারণা, অতিরিক্ত তাপমাত্রা ও প্রখর রোদের কারণে তিনি হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। পরে স্বজনরা তার মরদেহ উদ্ধার করে গ্রামের বাড়িতে নিয়ে যান।
আজাদের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও সহকর্মীদের মধ্যে নেমে এসেছে গভীর শোক। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তার স্ত্রী-সন্তানরা। গ্রামের মানুষও একজন পরিশ্রমী, সৎ ও পরিচিত ব্যবসায়ীকে হারিয়ে শোকাহত।এদিকে গত কয়েকদিন ধরে ঠাকুরগাঁওসহ দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। দিনের বেলায় অসহনীয় গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বিশেষ প্রয়োজন ছাড়া দুপুরের প্রখর রোদে বাইরে না যাওয়া, পর্যাপ্ত পানি পান করা এবং হিট স্ট্রোকের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন।
আজাদের মৃত্যু যেন আবারও স্মরণ করিয়ে দিল'জীবিকার তাগিদে সংগ্রামরত মানুষের জন্য প্রকৃতির নির্মম রূপ কতটা ভয়াবহ হতে পারে। তাঁর এই অকাল প্রয়াণে মৃত্যুতে পরিবারসহ এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।