হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের ভুল্লী উপজেলায় অভিযান চালিয়ে ৬৪ কেজি গাঁজাসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয় এবং উদ্ধার করা হয় নগদ ৫৫ হাজার টাকা।
মঙ্গলবার (১৭ জুন) রাতে উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ডারাপাড়া কালভার্ট এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার রামচন্দ্রপুর ভল্লাক গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে খোরশেদ (৪৫) এবং ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামচন্দ্রগড় গ্রামের মৃত মো. হাছান আলীর ছেলে মো. সিরাজ মিয়া (৪০)।
বুধবার দুপুরে র্যাব-১৩, সিপিসি-১ (দিনাজপুর ক্যাম্প)-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে ভুল্লীবাজার থেকে ফারাবাড়ি সড়কের ডারাপাড়া কালভার্ট এলাকায় একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে র্যাবের আভিযানিক দল। এ সময় সন্দেহজনক একটি পিকআপ ভ্যানকে থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে গাড়ির ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই গাড়িতে থাকা দুই ব্যক্তিকে আটক করা হয়।র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা নিজেদের পেশাদার মাদক কারবারি বলে স্বীকার করেছেন। তাঁরা দীর্ঘদিন ধরে পিকআপ ভ্যান চালানোর আড়ালে রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে মাদকের চালান সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিলেন।র্যাবের দাবি, এ চক্রটি সংঘবদ্ধভাবে মাদক পরিবহন ও সরবরাহের সঙ্গে জড়িত। উদ্ধার হওয়া গাঁজার বাজারমূল্যও উল্লেখযোগ্য বলে ধারণা করা হচ্ছে।
ভুল্লী থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত গাঁজা, নগদ অর্থ ও পিকআপ ভ্যানসহ তাঁদের থানায় হস্তান্তর করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সীমান্তবর্তী জেলা ঠাকুরগাঁওকে মাদকমুক্ত রাখতে র্যাব ও পুলিশের সমন্বিত তৎপরতা আরও জোরদার করা হয়েছে।