মিঠুন পাল, পটুয়াখালী জেলা প্রতিনিধি:
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অসাধারণ সাফল্যের স্বীকৃতি হিসেবে চলতি বছরের মে মাসে বরিশাল বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাচিত হয়েছেন আবুজর মো. ইজাজুল হক। একই সঙ্গে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে বরিশাল বিভাগের ৬ জেলার ৪২টি উপজেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে গলাচিপা উপজেলা।
রোববার (২১ জুন) বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগ প্রকাশিত মাসিক মূল্যায়ন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, শূন্য থেকে এক বছর বয়সী শিশুদের জন্ম নিবন্ধন এবং মৃত্যুর তথ্য নিবন্ধনের ওপর ভিত্তি করে এ মূল্যায়ন করা হয়েছে। মে মাসে গলাচিপা উপজেলার জন্ম নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছিল ৪২৮টি। লক্ষ্যমাত্রা অতিক্রম করে সম্পন্ন হয়েছে ৪২৯টি জন্ম নিবন্ধন। অন্যদিকে মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছিল ১১৬টি, সেখানে নিবন্ধিত হয়েছে ২১৯টি মৃত্যু।
পরিসংখ্যান অনুযায়ী, গলাচিপায় জন্ম নিবন্ধনের সফলতার হার ১০০ শতাংশ এবং মৃত্যু নিবন্ধনের হার ১৮৯ শতাংশ। ফলে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে উপজেলার গড় সফলতার হার দাঁড়িয়েছে ১৪৫ শতাংশ, যা বরিশাল বিভাগের মধ্যে সর্বোচ্চ।
এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কাউখালী উপজেলা, যার গড় সফলতার হার ১০৫ শতাংশ। তৃতীয় স্থানে রয়েছে বামনা উপজেলা, যার গড় সফলতার হার ১০২ দশমিক ৫ শতাংশ।
উল্লেখ্য, ইউএনও আবুজর মো. ইজাজুল হক এর আগেও জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে বিশেষ অবদান রেখে প্রশংসিত হয়েছেন। গত অর্থবছর (২০২৪-২০২৫) তিনি দেশের ৫০৭টি উপজেলা ও সিটি করপোরেশনের মধ্যে জন্ম-মৃত্যু নিবন্ধনে বর্ষসেরা ইউএনও নির্বাচিত হন।
এ অর্জন প্রসঙ্গে ইউএনও আবুজর মো. ইজাজুল হক বলেন, “এ স্বীকৃতি আমার জন্য অত্যন্ত আনন্দের। জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ইউএনওর দায়িত্ব মূলত তদারকি করা। প্রকৃতপক্ষে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা এবং গ্রাম পুলিশ সদস্যদের আন্তরিক পরিশ্রম ও সমন্বিত প্রচেষ্টার ফলেই এ সাফল্য অর্জিত হয়েছে। আমি তাদের সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”
স্থানীয়দের মতে, প্রশাসনের কার্যকর তদারকি, জনপ্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণ এবং মাঠপর্যায়ের কর্মীদের নিরলস প্রচেষ্টার ফলে গলাচিপা উপজেলা জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ধারাবাহিক সাফল্যের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছে।