মিঠুন পাল,পটুয়াখালী জেলা প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নে একটি মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে প্রায় ৬৬ হাজার টাকার মাছ চুরি এবং ৯০ হাজার টাকার ক্ষতিসাধনের অভিযোগে আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে।
রতনদী তালতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গ্রামর্দন গ্রামের বাসিন্দা মোঃ বাবুল পহল্লান (৬০) বাদী হয়ে গলাচিপা উপজেলা বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সি আর মোকাদ্দমাটি (মামলা নং- ৪১৬/২৬) দায়ের করেছেন।
মামলায় একই এলাকার মোঃ বশির পহল্লান (৪৫), মোঃ ইমরান (৩০), মোঃ রাকিব কবিরাজ, আঃ মতলেব হাও, মোসাঃ সেহেলা বেগম, মোসাঃ নাসিমা বেগম ও মোসাঃ রাবেয়া বেগমসহ অজ্ঞাতনামা আরও ৫-৭ জনকে আসামী করা হয়েছে।
গত ২৪ জুন ২০২৬ ইং তারিখ দিবাগত রাত আনুমানিক ১২:০০ টা থেকে ভোর ৪:০০ টার মধ্যে আসামীরা পূর্ব শত্রুতার জের ধরে বাদীর পৈতৃক ও ক্রয়কৃত জমিতে অবস্থিত মৎস্য ঘেরে অবৈধভাবে প্রবেশ করে। সেখানে ক্ষতিকর কীটনাশক বা বিষ প্রয়োগ করে।
বাদী পক্ষের দাবি, বিষ প্রয়োগ ও মাছ চুরির ফলে তাদের সর্বমোট প্রায় ৯০,০০০/- টাকার আর্থিক ক্ষতি সাধন হয়েছে এবং এ সময় বাধা দিতে গেলে আসামীরা প্রাণনাশের হুমকিও প্রদান করে। আদালতের নির্দেশনা অনুযায়ী, বিজ্ঞ আদালত বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য গলাচিপা থানার অফিসার ইনচার্জকে (ওসি) নির্দেশ প্রদান করেছেন।