মোঃ ফেরদৌস মোল্লাহ্ পিরোজপুর জেলা প্রতিনিধি
মানবতার সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পিরোজপুরের ভাণ্ডারিয়ায় উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবক ও স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। “মানবতার সেবায়, আমরাই অঙ্গীকারবদ্ধ” এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠানের আয়োজন করে মানব সেবা ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ।
শুক্রবার (১০ জুলাই) বিকেল ৪টায় ভাণ্ডারিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সামাজিক, মানবিক, রক্তদান এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তি ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের হাতে “মানবতার সেবায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ” সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, সমাজের নীরব মানবসেবীদের কাজকে সম্মান জানানো এবং নতুন প্রজন্মকে স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করাই এ আয়োজনের মূল লক্ষ্য। মানবিক সংকট, জরুরি রক্তের প্রয়োজন, দুর্যোগকালীন সহায়তা ও সামাজিক উন্নয়নে যেসব ব্যক্তি ও সংগঠন নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, তাদের অবদানকে মূল্যায়নের অংশ হিসেবেই এ সম্মাননা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বেচ্ছাসেবীরা মানবিক সমাজ গঠনের অন্যতম চালিকাশক্তি। তাদের নিঃস্বার্থ সেবা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের স্বীকৃতি ভবিষ্যতে আরও বেশি মানুষকে মানবকল্যাণমূলক কাজে এগিয়ে আসতে উৎসাহিত করবে।
মানব সেবা ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ ২০২৩ সালের ৪ জুলাই প্রতিষ্ঠার পর থেকে স্বেচ্ছায় রক্তদান, জরুরি রোগীদের রক্ত সংগ্রহে সহযোগিতা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও মানবতার কল্যাণে তাদের কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।
অনুষ্ঠান শেষে সম্মাননা পাওয়া স্বেচ্ছাসেবক ও সংগঠনের প্রতিনিধিরা এ স্বীকৃতির জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও মানবতার সেবায় আরও আন্তরিকভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।