এসএম মাসুদ, কাপাসিয়া (গাজীপুর):
গাজীপুরের কাপাসিয়া বাজারের মসজিদ মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ৮টি দোকান ও ১টি বসতবাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। এতে ব্যবসায়ীদের প্রায় কোটি টাকারও বেশি মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রবিবার ভোর পৌনে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে কাপাসিয়া বাজারের মসজিদ মার্কেটে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাপাসিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে ৮টি দোকান ও ১টি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। কাপাসিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহফুজুর রহমান জানান, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। তদন্তের পর বিস্তারিত বলা যাবে। এদিকে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কাপাসিয়ার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুল হক। পরিদর্শন শেষে তিনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরি ত্রাণ ও আর্থিক অনুদান বিতরণ করেন।

প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের প্রত্যেককে শুকনো খাবারসহ ১০ কেজি চাল, ডাল, চিনি, তেল ও মসলা দেওয়া হয়। এছাড়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ৫ জন ব্যবসায়ীর পুনর্বাসনের জন্য ১০ বান্ডিল ঢেউটিন এবং নগদ ৩০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।
পরিদর্শন ও ত্রাণ বিতরণকালে নবাগত ইউএনও হাফিজুল হক বলেন, "এই অগ্নিকাণ্ডের ঘটনা অত্যন্ত দুঃখজনক। আকস্মিক এই দুর্ঘটনায় ব্যবসায়ীদের যে বিশাল ক্ষতি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। উপজেলা প্রশাসন শুরু থেকেই আপনাদের পাশে আছে। আমরা আজ তাৎক্ষণিকভাবে কিছু জরুরি খাদ্যসামগ্রী, ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করলাম। আমি আপনাদের আশ্বস্ত করছি, পরবর্তীতে আরও সরকারি বরাদ্দ আসার সাথে সাথে তা পর্যায়ক্রমে আপনাদের মাঝে বিতরণ করা হবে। যেকোনো সংকটে প্রশাসন সবসময় আপনাদের পাশে থাকবে।"পরিদর্শন ও ত্রাণ বিতরণকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদুল হক, উপজেলা পিআইও অফিসের সহকারী অফিসারবৃন্দ, কাপাসিয়া বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দ, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজগর হোসেন খান এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।