হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার ফরিদপুর গ্রামে একটি বিরল প্রজাতির মুখপোড়া হনুমান উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টার দিকে স্থানীয় বাসিন্দারা হনুমানটিকে প্রথম দেখতে পান। এর আগে এই এলাকায় বিভিন্ন সময়ে বানর দেখা গেলেও মুখপোড়া হনুমান আসার ঘটনা এবারই প্রথম বলে জানিয়েছেন স্থানীয়রা। বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ করে লোকালয়ে হনুমানটি চলে আসায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বন্যপ্রাণীটি দেখতে আশপাশের গ্রাম থেকে শত শত উৎসুক মানুষ ফরিদপুর গ্রামে ভিড় জমান। একপর্যায়ে প্রাণীটির সুরক্ষার কথা চিন্তা করে সেটিকে দড়ি দিয়ে আটকে রাখেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের ধারণা, খাবারের সন্ধানে দলছুট হয়ে সীমান্ত এলাকা কিংবা দূরের কোনো বনাঞ্চল থেকে হনুমানটি লোকালয়ে চলে এসেছে।
খবর পেয়ে ঠাকুরগাঁও বন বিভাগের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে হনুমানটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। পরে সেটিকে ঠাকুরগাঁও সদর উপজেলা পশু হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ঠাকুরগাঁও জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, "সংবাদ পেয়েই আমাদের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং হনুমানটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়। প্রাথমিক চিকিৎসা শেষে সেটিকে দিনাজপুর রামসাগর জাতীয় উদ্যানে পাঠানো হয়েছে।"বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে, বনাঞ্চল সংকুচিত হওয়া এবং তীব্র খাদ্য সংকটের কারণে প্রায়শই বন্যপ্রাণী এভাবে লোকালয়ে চলে আসে। হনুমানটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে পাঠাতে পারায় স্বস্তি প্রকাশ করেছেন এলাকার পরিবেশবাদী ও বন্যপ্রাণীপ্রেমীরা।