হুমায়ুন কবির ঠাকুরগাঁও প্রতিনিধি:
প্রাথমিক শিক্ষায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (মহিলা) হিসেবে পুরস্কৃত হয়েছেন ঠাকুরগাঁওয়ের গর্ব, মালেকা মোকররমা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে এই মর্যাদাপূর্ণ পুরস্কার, মেডেল ও সনদপত্র গ্রহণ করেছেন।মালেকা মোকররমা ঠাকুরগাঁও সদর উপজেলার কোণপাড়া ক্লাস্টারের ধন্দোগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে কর্মরত রয়েছেন।রাজধানীতে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ জাতীয় শিক্ষা সপ্তাহের অনুষ্ঠানে এই সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীসহ সরকারের উচ্চপদস্থ মন্ত্রী, সচিব ও শিক্ষা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ধন্দোগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের পাঠদানে আধুনিক ও যুগোপযোগী পদ্ধতি ব্যবহার, ঝরে পড়া রোধ এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে মালেকা মোকররমা দীর্ঘদিন ধরে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছেন। তাঁর এই অসামান্য অর্জনে ধন্দোগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ সমগ্র ঠাকুরগাঁও জেলা জুড়ে বইছে আনন্দের বন্যা।
পুরস্কার প্রাপ্তির পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মালেকা মোকররমা জানান—"মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে এই পুরস্কার গ্রহণ করা আমার জীবনের অন্যতম সেরা ও স্মরণীয় মুহূর্ত। এই স্বীকৃতি আমার কাজের দায়িত্ব আরও বাড়িয়ে দিল। আমি আজীবন শিক্ষার্থীদের মাঝে মানসম্মত প্রাথমিক শিক্ষা পৌঁছে দিতে কাজ করে যাব।"ঠাকুরগাঁও জেলার প্রাথমিক শিক্ষা বিভাগ এবং ধন্দোগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও পরিচালনা পর্ষদ এই গৌরবময় অর্জনের জন্য তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। এলাকার সচেতন মহল মনে করছেন, মালেকা মোকররমার এই সাফল্য জেলার অন্যান্য শিক্ষকদেরও নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালনে গভীরভাবে অনুপ্রাণিত করবে।