এসএম মাসুদ কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কাপাসিয়া উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শারমিন সুলতানার বসতবাড়িতে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ২৯ জুলাই বুধবার ভোরে উপজেলার চাঁদপুর ইউনিয়নের ভাকোয়াদী গ্রামে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে টিনশেড বাড়ির চারটি কক্ষ, আসবাবপত্রসহ মূল্যবান সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। পরিবারের দাবি, অগ্নিকাণ্ডে তাদের প্রায় অর্ধকোটি টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ভাকোয়াদী গ্রামের জাকারিয়া খানের স্ত্রী ও মহিলা দল নেত্রী শারমিন সুলতানা বসতবাড়ির পাশেই 'ভাকোয়াদী কিন্ডারগার্টেন' নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করেন। সম্প্রতি জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তাদের বাড়িতে দুর্বৃত্তরা ককটেল হামলা চালায়।
শারমিন সুলতানা জানান, ওমরাহ হজ পালন শেষে তাঁর পিতা-মাতা বুধবার সকালে দেশে ফেরার কথা থাকায় মঙ্গলবার তিনি জয়দেবপুরের হাড়িনালে পৈতৃক বাড়িতে গিয়েছিলেন। এই সুযোগে মঙ্গলবার দিবাগত শেষরাতে বা বুধবার ভোরে দুর্বৃত্তরা বাড়ির প্রধান গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে ঘরে থাকা মূল্যবান মালামাল সরিয়ে নিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে কাপাসিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং কাপাসিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। শারমিন সুলতানা আক্ষেপ করে বলেন, পরনের কাপড়টুকু ছাড়া আমাদের আর কিছুই অবশিষ্ট রইল না।
ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, শারমিন সুলতানার স্বামী জাকারিয়া খান চাকরির সুবাদে গাজীপুরে থাকেন। জমিজমা নিয়ে তাঁর সৎ মা সুরাইয়া বেগম, বোন অ্যাডভোকেট কুলসুম ও ভগ্নিপতি অ্যাডভোকেট আবু তাহের নয়ন দীর্ঘদিন ধরে তাঁদের নানাভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাসির আহমেদ জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। অপরাধী যে-ই হোক, তাকে দ্রুত আইনের আওতায় আনা হবে। এদিকে ঘটনার খবর পেয়ে গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান, জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী এবং উপজেলা মহিলা দলের সভাপতি শাহনাজ পারভীন শিখাসহ দলীয় নেতা-কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তাঁরা এই ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবি জানান।