নিজস্ব প্রতিবেদক:
শায়খুল হুফফাজ আলহাজ্ব মাওলানা হাফেজ মোহাম্মদ তৈয়ব (রহ.)-এর ১ম স্মরণসভা মঙ্গলবার (২৮ জুলাই) চট্টগ্রামের বহদ্দারহাটস্থ খাজা রোডের আমিনের দোকান এলাকায় অবস্থিত শাহ সুলতানিয়া তাহফিজুল কুরআন মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মাদরাসার পরিচালক হাফেজ মোহাম্মদ নেজাম উদ্দীন সুলতানী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইত্তেফাকুল হুফফাজ চট্টগ্রামের কেন্দ্রীয় সভাপতি উস্তাজুল হুফফাজ হাফেজ মোহাম্মদ আব্দুর রশিদ। প্রধান বক্তা ছিলেন ইত্তেফাকুল হুফফাজ চট্টগ্রামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ জামাল উদ্দীন তৌহিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ক্বারী ওমর ফারুক, ক্বারী মোহাম্মদ নেজাম উদ্দীন, হাফেজ মাওলানা আরশদ আল কাসেমী, হাফেজ মোহাম্মদ শাহেদ, হাফেজ মোহাম্মদ ফারুক, হাফেজ জাবেদুল ইসলাম, হাফেজ ইব্রাহিম, হাফেজ শোয়াইব, হাফেজ মুহিব্বুল্লাহ, হাফেজ নাঈম, হাফেজ আল আমিন ও হাফেজ হাসিবসহ বিশিষ্ট আলেম-উলামা ও হাফেজগণ।
বক্তারা তাঁদের বক্তব্যে মরহুম শায়খুল হুফফাজ আলহাজ্ব মাওলানা হাফেজ মোহাম্মদ তৈয়ব (রহ.)-এর ইলমী অবদান, কুরআনের খেদমতে তাঁর অসামান্য ভূমিকা, অসংখ্য হাফেজ গড়ে তোলায় তাঁর অবদান এবং দ্বীনি শিক্ষা বিস্তারে তাঁর আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, মরহুমের আদর্শ ও কর্মধারা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন খতম, মরহুমের জীবন ও কর্মের ওপর আলোচনা এবং হিফজ সমাপনী শিক্ষার্থীদের পাগড়ি প্রদান অনুষ্ঠিত হয়। সবশেষে মরহুমের রূহের মাগফিরাত কামনা এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।