সেলিম মাহবুব, সিলেটঃ
সিলেটের ওসমানীনগরে জনাকীর্ণ বাণিজ্যিক এলাকায় প্রকাশ্যে ধারালো অস্ত্রের মহড়া দিয়ে এক সিএনজি চালিত অটোরিকশা চালক-কে মারধোর ও সিএনজি চালিত অটো রিকশা ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে তিনজনকে জনতা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। পরে ঘটনায় মামলা হলে আদালতের মাধ্যমে আটককৃতদের কারাগারে পাঠানো হয়েছে। ঘটনাটি গত রোববার সন্ধ্যায় উপজেলার গোয়ালাবাজারে সিএনজি ষ্ট্যান্ডে ঘটেছে।
আটক ব্যক্তিরা হলেন উপজেলার বুরুঙ্গাবাজার ইউনিয়নের নিজ বুরুঙ্গা গ্রামের আব্দুল জলিলের ছেলে শিপন আহমদ (৩৮), একই গ্রামের দুলা চৌধুরীর ছেলে রোমান চৌধুরী (২৫) এবং ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার মৃত সুলতান মিয়ার ছেলে মাসুদ রানা নিরব (৩০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, রোববার সন্ধ্যা ছয়টার দিকে দক্ষিণ গোয়ালাবাজারের বুরুঙ্গা অটোরিকশা স্ট্যান্ড সংলগ্ন এলাকায় সিএনজিচালিত অটোরিকশাচালক রিপন আলীর ওপর ধারালো চাপাতি, দা ও ডেগার নিয়ে হামলা চালিয়ে গাড়ি ছিনতাইয়ের চেষ্টা করেন অভিযুক্তরা।
এ সময় রিপন আলীর চিৎকারে আশপাশের অটোরিকশাচালক ও স্থানীয় লোকজন এগিয়ে এসে তিনজনকে অস্ত্রসহ আটক করেন। পরে খবর পেয়ে ওসমানীনগর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের আটক করে পুলিশ হেফাজতে নিয়ে যায় ।
এ ঘটনায় গোয়ালাবাজার ইউনিয়নের জায়ফরপুর গ্রামের অটোরিকশাচালক রিপন আলী বাদী হয়ে ওসমানীনগর থানায় গাড়ি ছিনতাইচেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেছেন।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা বলেন, ছিনতাই চেষ্টার অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ সোমবার সকালে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।