মিঠুন পাল, পটুয়াখালী জেলা প্রতিনিধি
বাংলাদেশে প্রথমবারের মতো শুরু হয়েছে নৌযান শুমারি-২০২৬ কার্যক্রম। এ উপলক্ষে পটুয়াখালীর গলাচিপায় তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। ১৫ থেকে ১৭ আগস্ট পর্যন্ত গলাচিপা সরকারি কলেজে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।
নৌযান শুমারি কার্যক্রমের আওতায় দেশের সমুদ্রসীমা, উপকূলীয় ও অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী বিভিন্ন ধরনের নৌযানের তথ্য সংগ্রহ ও একটি নির্ভুল ডাটাবেজ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। শুমারিতে ইঞ্জিনচালিত সকল ধরনের নৌযান গণনার আওতায় আনা হবে।
গলাচিপায় আয়োজিত প্রশিক্ষণে মোট ৩৮ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন। তাঁদের মধ্যে রয়েছেন ৬ জন জোনাল অফিসার ও ১ জন ইউসিসি। প্রশিক্ষণের মাধ্যমে নৌযানের তথ্য সংগ্রহ, শ্রেণিবিন্যাস, মালিকানা ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে সংরক্ষণের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

আয়োজকরা জানান, দেশের নৌপরিবহন খাতের সঠিক পরিকল্পনা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নৌযান মালিক ও শ্রমিকদের জন্য প্রয়োজনীয় বিভিন্ন কার্যক্রম গ্রহণে নৌযান শুমারির তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি দুর্ঘটনা প্রতিরোধ, নৌপরিবহন ব্যবস্থার উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নেও এই ডাটাবেজ সহায়ক হবে।
প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ সাইফুল ইসলাম সাইফ। বিশেষ অতিথি হিসেবে রয়েছেন পটুয়াখালী জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ নাজমুল হুসাইন এবং গলাচিপা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফোরকান কবির। কর্মসূচিতে সভাপতিত্ব করছেন গলাচিপা উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ মাসুদ।
নৌযান শুমারি কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে দেশের নৌপথে চলাচলকারী নৌযানের একটি পূর্ণাঙ্গ ও নির্ভুল তথ্যভান্ডার তৈরি হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। এই তথ্য ভবিষ্যতে দেশের নৌপরিবহন খাতের আধুনিকায়ন ও সুষ্ঠু পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করবে।