কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: এস এম মাসুদ
প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম কিশোরগঞ্জ সফরকে কেন্দ্র করে ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের কাপাসিয়া অঞ্চলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। সফরের পথিমধ্যে গাজীপুরের কাপাসিয়া উপজেলার ফকির মজনু শাহ সেতু অতিক্রম করার সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে তাঁকে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
১৬ আগস্ট ২০২৬ (রবিবার) সকালে কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নানের নেতৃত্বে দলের হাজার হাজার নেতাকর্মী কাপাসিয়া ফকির মজনু শাহ সেতু সংলগ্ন শহীদ তাজউদ্দীন আহমদ চত্বরে জড়ো হন। এ সময় স্কুল-কলেজের বিপুল সংখ্যক শিক্ষার্থী ও সাধারণ জনগণ ফেস্টুন-ব্যানার হাতে সড়কের দুই পাশে অবস্থান নেন। 'প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছা স্বাগতম' স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। প্রধানমন্ত্রী তারেক রহমান এ সময় গাড়ি থেকে হাত নেড়ে উপস্থিত জনতা ও বীরপ্রতীম সংবর্ধনাকারীদের শুভেচ্ছা ও ভালোবাসার জবাব দেন। শুভেচ্ছা প্রদান ও সার্বিক ব্যবস্থাপনায়

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার আজিজুর রহমান পেরা, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজগর হোসেন খান, বিএনপি নেতা আফজাল হোসেন,জেলা মহিলা দলের সভানেত্রী জান্নাতুল ফেরদৌসীসহ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ। উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান আজ একদিনের সরকারি সফরে কিশোরগঞ্জ গমন করছেন। দিনব্যাপী এই সফরে তিনি কটিয়াদীর আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন, পুরস্কার বিতরণ ও কার্প হ্যাচারি পরিদর্শন করবেন। এছাড়াও পাকুন্দিয়া ও কিশোরগঞ্জ সদরে ফ্যামিলি কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের ভাতা প্রদান এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণের পাইলট কর্মসূচির শুভ উদ্বোধন করবেন। সফরসূচির অংশ হিসেবে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও বৃক্ষরোপণ শেষে সার্কিট হাউস এবং পুরাতন স্টেডিয়াম সফর শেষে সন্ধ্যায় তিনি ঢাকা উদ্দেশ্যে রওনা হবেন।