সৈয়দ মুনিরুল হক নোবেল:
জামালপুরে ‘জুলাইয়ের চেতনা—সোনার মদিনারূপে গড়বো সোনার বাংলা’ স্লোগানে মানববন্ধন ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে শহরের দয়াময়ী মোড়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দাব্বাতুল আরদ শফিউল্লাহ আদম। বক্তব্যে তিনি বলেন, দেশ ও জাতির মুক্তির জন্য ‘ফির’আউনী নয়, নবুয়তী রাজনীতি’ প্রয়োজন। মদিনা সনদের আদলে ন্যায়, সাম্য ও মানবিক মর্যাদাভিত্তিক সমাজ ও রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, রক্তে লেখা ও আত্মত্যাগে অর্জিত ঐতিহাসিক ‘৩৬ জুলাই’ শুধু ক্ষমতার পালাবদলের বিষয় নয়; এটি জাতির স্বাধীনতা ও মুক্তির অঙ্গীকারের প্রতীক। তাঁর বক্তব্য অনুযায়ী, ‘৩৬ জুলাই’ ফ্যাসিবাদী শাসনের পতন এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ অভ্যুত্থানের ইতিহাস। একই সঙ্গে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য স্বাধীন, সুখী, সমৃদ্ধ ও সমতাভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যয়ও এতে রয়েছে।
মূল প্রবন্ধে আরও বলা হয়, জুলাইয়ের চেতনাকে আধ্যাত্মিক চেতনার জাগরণ ও ন্যায়ের পথে অভিযাত্রা হিসেবে ধারণ করে সমাজের সর্বস্তরে তা ছড়িয়ে দিতে হবে। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার পাশাপাশি দুর্নীতি, লুটপাট ও দুঃশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
বক্তব্যে মদিনা সনদের আদলে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করা হয়। একই সঙ্গে ন্যায়ভিত্তিক ও আদর্শিক দেশ, জাতি ও সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়।
মানববন্ধনে বক্তারা ‘জাতি-ধর্ম-বর্ণের সমতা, সোনার মদিনারূপে গড়বো সোনার বাংলা—বল, লা ইলাহা ইল্লাল্লাহ’ স্লোগান দেন।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি দয়াময়ী মোড় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফৌজদারি মোড়ে গিয়ে শেষ হয়।