কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির আহমদের নেতৃত্বে পরিচালিত এক বিশেষ অভিযানে রাজনৈতিক ষড়যন্ত্র, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা এবং মাদকের পৃথক তিনটি মামলায় ৮ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া পৃথক পরোয়ানায় আরো ২ আসামিকে গ্রেফতার করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, গত ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল অনুমান ০৫:৫০ ঘটিকায় কাপাসিয়া থানাধীন বারিষাব ইউনিয়নের পূর্ব লোহাদী সাকিনস্থ ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের ওপর রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, অপপ্রচার ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সমবেত হয়ে স্লোগান প্রদান করে। এর প্রেক্ষিতে কাপাসিয়া থানায় সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯-এর ধারা অনুযায়ী একটি মামলা (মামলা নং-১৮, তারিখ: ১৪/০৯/২০২৬; জিআর নং-২৮৫) রুজু করা হয়। পরবর্তীতে ওই দিন রাতে অভিযান চালিয়ে এজাহারনামীয় ৬ আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন: রায়েদ ইউনিয়ন ছাত্রলীগের সদস্য রাকিবুল ইসলাম (২১), সিংহশ্রী ইউনিয়ন ছাত্রলীগের সদস্য কাউসার (২২) ও রাকিব মিয়া (১৯), চাঁদপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দুলাল মোড়ল (৫৮), টোক ইউনিয়নের ১ নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি রফিক (৫৫) এবং টোক ইউনিয়নের ৬ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সম্পাদক মোঃ শরীফ (৪০)।
অন্যদিক, মাদকবিরোধী পৃথক অভিযানে কাপাসিয়া থানাধীন সুলতানপুর এলাকা থেকে ১৭ পিস ইয়াবাসহ মোঃ সুজন মিয়া (২৩) নামে একজনকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (মামলা নং-১৭, তারিখ: ১৪/০৯/২০২৬; জিআর নং-২৮৪) দায়ের করা হয়েছে। এছাড়া খোদাদিয়া মধ্যপাড়া থেকে ১২ পিস ইয়াবাসহ মোঃ সজিব হাসান (২৯) নামে আরেকজনকে গ্রেফতার করে অন্য একটি মামলায় (মামলা নং-১৬, তারিখ: ১৩/০৯/২০২৬; জিআর নং-২৮৩) আদালতে পাঠানো হয়। অভিযানের একই সাথে কাপাসিয়া থানা পুলিশ মুলতবী থাকা ০১টি জিআর ও ০১টি সিআর পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার (বডি তামিল) করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে। এ বিষয়ে কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির আহমদ বলেন, উপজেলার আইনশৃঙ্খলা রক্ষা, সব ধরনের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র এবং মাদকের বিস্তার রোধে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না এবং এই ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।