হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রতীক পেয়েই মাঠে নেমে পড়লেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন। ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে ধানের শীষ প্রতীক বরাদ্দের কয়েক ঘণ্টার মধ্যেই বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে শুরু হলো তাঁর আনুষ্ঠানিক নির্বাচনি প্রচার। জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে ভোটারদের দুয়ারে পৌঁছানোর এই যাত্রা শুরু করেন তিনি। দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেওয়া হয়। সেখানেই মির্জা ফয়সল আমিন পান বিএনপির নির্বাচনি প্রতীক ধানের শীষ। এরপর আর দেরি করেননি তিনি। বিকেলেই নেমে পড়েন প্রচারে। প্রচারের শুরুতে ভোটারদের উদ্দেশে মির্জা ফয়সল আমিন বলেন, "মাদক, দুর্নীতি ও শোষণমুক্ত শান্তি ও সাম্যের বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে আমি আপনাদের কাছে এসেছি।" এই লক্ষ্য পূরণে তিনি এলাকাবাসীর সমর্থন ও দোয়া কামনা করেন। নির্বাচিত হলে মানুষের প্রত্যাশা পূরণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, তিনি সবসময় জনগণের পাশে থাকতে চান এবং তাদের অধিকার ও আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চান।
প্রচারের প্রথম দিনেই নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে জেলা বিএনপি কার্যালয় এলাকা ছিল উৎসবমুখর। এখন ভোটারদের দুয়ারে দুয়ারে গিয়ে ধানের শীষের পক্ষে সমর্থন চাইবেন প্রার্থী।