হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় থাকা পাঁচ দলের পাঁচ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে প্রার্থী ও তাঁদের প্রতিনিধিদের হাতে প্রতীক তুলে দেওয়া হয়। জেলা নির্বাচন কর্মকর্তা ও ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন।
প্রতীক পাওয়া প্রার্থীরা হলেন— বিএনপির মির্জা ফয়সল আমিন, জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।
প্রতীক বরাদ্দের পর বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন পেয়েছেন ধানের শীষ, জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন পেয়েছেন দাঁড়িপাল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম পেয়েছেন হাতপাখা, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী পেয়েছেন বটগাছ এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক পেয়েছেন ডাব প্রতীক। আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমিন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি। তিনি দলটির মহাসচিব ও সাবেক সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই।
এর আগে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর দায়িত্ব পালন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরবর্তীতে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য ঘোষণা করা হয়। এরপর উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন এবং ২৯ অক্টোবর ভোটগ্রহণের দিন নির্ধারণ করা হয়।
ঠাকুরগাঁও সদর, নবগঠিত রুহিয়া ও ভুল্লী উপজেলা নিয়ে গঠিত ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। নির্বাচনে ১৮৫টি ভোটকেন্দ্রের ৯৮৯টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে এখন আনুষ্ঠানিকভাবে নির্বাচনী মাঠে প্রচার-প্রচারণার প্রস্তুতি শুরু করেছেন প্রার্থীরা। ২৯ অক্টোবরের ভোটকে সামনে রেখে আসনটির বিভিন্ন এলাকায় প্রার্থীদের প্রচার কার্যক্রম আরও জোরদার হওয়ার প্রত্যাশা রয়েছে।