সেলিম মাহবুব,ছাতকঃ
সোমবার (১২ অক্টোবর ২০২৬) থেকে দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।
আজ দুপুরে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ থেকে মনোনীত উপজেলা গুলোকে নিয়ে ভার্চ্যুয়ালী এক অবহিতকরণ প্রেস ব্রিফিং এ সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন এই তথ্য আনুষ্ঠানিকভাবে অবহিত করেছেন।
প্রথম দিনে দেশের মোট ৭৯১ টি স্থানে একযোগে এই তথ্য সংগ্রহের কাজ শুরু করা হয়েছে। এরই অংশ হিসেবে ছাতক উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ থেকে অনুষ্ঠানে ভার্চ্যুয়ালীভাবে যুক্ত হয়ে অবহিত করন অনুষ্ঠানে অংশ নেয় ছাতক উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহি উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার শাহ মোঃ শফিউর রহমান,উপজেলা প্রকৌশলী আমির হোসেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, ছাত্রদল নেতা নিজাম উদ্দিন, ছাতকের গণমাধ্যম কর্মীবৃন্দ ও উপজেলা ও সমাজসেবা অফিসের কর্মকর্তাগন।
অনুষ্ঠানে সরকারি নির্দেশনা তুলে ধরেন উপজেলা সমাজ সেবা অফিসার শাহ মোঃ শফিউর রহমান এসময় তিনি জানান, আজ ১২ অক্টোবর থেকে শুরু হয়ে আগামী ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত দেশব্যাপী এই তথ্য সংগ্রহের কার্যক্রম চলবে।
ছাতক উপজেলার তথ্য সংগ্রহের জন্য ইতিমধ্যে ১২৭ জন তথ্য সংগ্রহকারী ও ১৩ জন সুপারভাইজার নিয়োগ করা হয়েছে।
আগামীকাল মঙ্গলবার (১৩অক্টোবর) থেকে প্রথম দফায় ছাতকের নোয়ারাই ইউনিয়নের ১নং ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে ফ্যামিলী কার্ড সংক্রান্ত তথ্য সংগ্রহ বা ডেটাবেজ সংগ্রহ শুরু করবেন তথ্য সংগ্রহকারীগন।
সরকারের এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারী প্রধান বা যোগ্য পরিবারগুলোকে মাসিক নির্দিষ্ট অঙ্কের আর্থিক অনুদান সরাসরি ডিজিটাল পেমেন্ট পদ্ধতিতে প্রদান করা হবে।
তথ্য সংগ্রহকারীগনকে সকল ধরনের সহযোগিতা করার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানিয়েছেন উপজেলা সমাজসেবা অফিসার শাহ মোঃ শফিউর রহমান।
এসময় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে ফ্যামিলি কার্ড সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। কার্ড দেওয়ার নামে কেউ টাকা দাবি করলে সাথে সাথে স্থানীয় প্রশাসনকে জানাতে অনুরোধ করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহি উদ্দিন।