কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কাপাসিয়া উপজেলার দক্ষিণগাঁও গ্রামে পূর্বশত্রুতা ও জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে এক গৃহবধূকে বেধড়ক মারধর, শ্লীলতাহানি এবং স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ সুফিয়া আক্তার সাথী (২৬) বাদী হয়ে একই গ্রামের মোঃ কাশেম সরদার (৩০), মোঃ নিরব (১৪) ও মোসাঃ রুমা বেগম (৩৫)-সহ অজ্ঞাতনামা ৩-৪ জনকে অভিযুক্ত করে কাপাসিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি-জমা সংক্রান্ত বিরোধের কারণে অভিযুক্তদের সাথে সুফিয়া আক্তার সাথী ও তাঁর পরিবারের শত্রুতা চলছিল। এর আগে গত ১৪ অক্টোবর সকালে ১ নং অভিযুক্ত কাশেম সরদার ভুক্তভোগীর বাড়িতে ঢুকে তাঁকে মারধর ও হত্যার চেষ্টা করে। পরে তিনি প্রাথমিক চিকিৎসা নেন। পরবর্তীতে ১৬ অক্টোবর বিকেল আনুমানিক ৫:০০ ঘটিকার সময় পূর্বশত্রুতার জের ধরে অভিযুক্তরা রামদা, লোহার রড ও লাঠি-সোঠাসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বেআইনিভাবে সুফিয়ার বসতবাড়িতে প্রবেশ করে। ভুক্তভোগীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে একপর্যায়ে বেধড়ক কিল-ঘুসি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। অভিযোগে আরও উল্লেখ করা হয়, ১ নং অভিযুক্ত কাশেম সরদার হত্যার উদ্দেশ্যে লোহার রড দিয়ে ভুক্তভোগীর ঘাড়, কোমর ও বাম হাতে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। এছাড়া ভুক্তভোগীর চুল ধরে টানা-হেঁচড়া, পরিহিত বস্ত্র ছিঁড়ে শ্লীলতাহানি এবং গলা চিপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালানো হয়। অন্য অভিযুক্ত নিরব লাঠি দিয়ে আঘাত করে এবং রুমা বেগম ভুক্তভোগীর গলায় থাকা আনুমানিক ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৮ আনা ওজনের স্বর্ণের চেইন চুরি করে নিয়ে যায় বলে অভিযোগে জানা গেছে। ভুক্তভোগীর চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা আইনের আশ্রয় নিলে সুফিয়ার স্বামীসহ পুরো পরিবারকে খুন করে লাশ গুম করার হুমকি দেয়। পরে তাঁর স্বামী বাড়িতে ফিরলে তাঁকেও মারধরের চেষ্টা চালানো হয়। ভুক্তভোগীকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। ভুক্তভোগী সুফিয়া আক্তার সাথী জানান, অভিযুক্তদের ক্রমাগত হুমকি ও ভয়ে তিনি এবং তাঁর স্বামী বর্তমানে নিজ বাড়িতে ফিরতে পারছেন না। পরিবারটি নিরাপত্তা হীনতায় ভুগছেন এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কাপাসিয়া থানা পুলিশ জানায়, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।