বড়লেখা প্রতিনিধি:
সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বড়লেখায় সচেতনতামূলক ট্রাফিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৬টায় জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) বড়লেখা উপজেলা শাখা ও বড়লেখা থানা পুলিশের যৌথ উদ্যোগে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে এ ক্যাম্পেইন পরিচালিত হয়। এতে প্রশাসন, পৌর প্রশাসন ও নিসচার সদস্যরা অংশ নেন।
ক্যাম্পেইন চলাকালে সড়কে চলাচলকারী পথচারী, চালক ও যাত্রীদের ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়। পাশাপাশি জেব্রা ক্রসিং ব্যবহার, ফুটপাত দিয়ে চলাচল, গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকা এবং উল্টো পথে যানবাহন চালানো থেকে বিরত থাকার বিষয়ে সচেতন করা হয়।
কর্মসূচিতে নিসচার নেতারা বলেন, “সড়ক নিরাপত্তা নিশ্চিত করা কেবল সরকারের একার দায়িত্ব নয়; এটি একটি সামাজিক আন্দোলন। চালকদের ট্রাফিক আইন মেনে যানবাহন চালাতে হবে এবং পথচারীদের যত্রতত্র রাস্তা পারাপার বন্ধ করতে হবে।”
তারা আরও বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি সর্বস্তরের মানুষের সচেতনতা বৃদ্ধি ও আচরণগত পরিবর্তন অত্যন্ত জরুরি। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই নিরাপদ সড়ক নিশ্চিত করা সম্ভব।
এ সময় উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, দুর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক আব্দুল হামিদ, সহপ্রচার সম্পাদক শাহরিয়ার শাকিল, কার্যনির্বাহী সদস্য মাছুম আহমদ ছুনু, রাহেল আহমদ ও প্রবিন্স সুচিয়াংসহ ট্রাফিক পুলিশের কর্মকর্তারা।
আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবসকে সামনে রেখে নিসচার এ ধরনের ধারাবাহিক সচেতনতামূলক কার্যক্রম মাসজুড়ে অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।