ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদ্যাপনের লক্ষ্যে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় অনুপস্থিত থাকায় তিন সরকারি কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়ার নির্দেশ দিয়েছেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ। শনিবার (১৭ অক্টোবর) উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ‘শারদীয় দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের করণীয়’ শীর্ষক সভায় তিনি এ নির্দেশ দেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদার।
সভায় অনুপস্থিত তিন কর্মকর্তা হলেন—৯ নম্বর সেনগাঁও ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, ৫ নম্বর সৈয়দপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী তরিকুল ইসলাম এবং ১১ নম্বর বৈরচুনা ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক আনোয়ার হোসেন। সভায় দায়িত্বপ্রাপ্ত অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার বলেন, দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদ্যাপনের লক্ষ্যে সংসদ সদস্যের নির্দেশনা অনুযায়ী সভাটি আহ্বান করা হয়েছিল। কিন্তু ওই তিন কর্মকর্তা কেন সভায় উপস্থিত ছিলেন না, সে বিষয়ে তাঁকে কেউ অবহিত করেননি। তিনি আরও বলেন, সংসদ সদস্য নিজে সভায় উপস্থিত ছিলেন। গুরুত্বপূর্ণ সরকারি সভায় অনুপস্থিতির কারণ জানতে তাঁদের কারণ দর্শানোর নোটিশ দিতে সভা থেকেই নির্দেশনা দেওয়া হয়েছে। ইউএনও জানান, শনিবার সাপ্তাহিক ছুটির দিন হলেও দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদ্যাপন নিশ্চিত করতে সরকার বিশেষ নির্বাহী আদেশে দিনটিকে কর্মদিবস ঘোষণা করেছিল।
সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ বলেন, দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদ্যাপনের লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের করণীয় নির্ধারণে এ গুরুত্বপূর্ণ সভার আয়োজন করা হয়েছিল। সেখানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুপস্থিতিকে তিনি সরকারি দায়িত্ব পালনে অসহযোগিতার শামিল বলে মনে করেন। এ কারণে তাঁদের অনুপস্থিতির কারণ জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নোটিশ দেওয়ার অনুরোধ করেছেন তিনি।
উল্লেখ্য, এ বছর পীরগঞ্জ উপজেলায় মোট ১২২টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।