হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি:
বাবা কথা দিয়েছিলেন, কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণের আগেই পৃথিবী থেকে বিদায় নেন তিনি। তবে বাবার দেওয়া কথা হারিয়ে যেতে দেননি ছেলে মামুন। প্রয়াত বাবার শেষ ইচ্ছাকে সম্মান জানিয়ে চাচা আব্দুল মালেক মানিকের হাতে তুলে দিয়েছেন মনোনয়নপত্র কেনার জন্য নির্ধারিত অর্থ। বাবার প্রতিশ্রুতি রক্ষায় ছেলের এমন উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসা কুড়িয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে ঠাকুরগাঁওয়ের রুহিয়া ইউনিয়নের কর্ণফুলী বাজারে মামুনের নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ অর্থ হস্তান্তর করা হয়। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১ নম্বর রুহিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মালেক মানিকের হাতে অর্থ তুলে দেন তাঁর ভাতিজা মামুন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রুহিয়ার ঘনিবিষ্ণপুর গুয়াপাড়া এলাকার বাসিন্দা এবং ‘আমন্ত্রণ হোটেল’-এর স্বত্বাধিকারী রফিকুল ইসলাম গত ১২ নভেম্বর নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগে তিনি ভাতিজা আব্দুল মালেক মানিকের নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র কেনার প্রয়োজনীয় অর্থ দিয়ে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
কিন্তু সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের আগেই মারা যান রফিকুল ইসলাম। গত ১৯ নভেম্বর নির্বাচনি তফসিল ঘোষণার পর বাবার দেওয়া সেই কথা স্মরণ করেন ছেলে মামুন। বাবার নির্দেশনা অনুযায়ী পরদিন শুক্রবার সকালে চাচা আব্দুল মালেক মানিকের হাতে নির্ধারিত অর্থ তুলে দিয়ে তাঁর শেষ ইচ্ছা পূরণ করেন।
এ সময় ১ নম্বর রুহিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব দবির উদ্দিন মিলারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অর্থ হস্তান্তর শেষে উপস্থিত ব্যক্তিদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মালেক মানিক বলেন, ‘রফিকুল ভাই শুধু একজন সফল ব্যবসায়ী ছিলেন না, তিনি আমার অত্যন্ত স্নেহভাজন ও শুভাকাঙ্ক্ষী ছিলেন। নির্বাচনের তফসিল ঘোষণার পর আমাকে সহযোগিতার যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, তাঁর মৃত্যুর পর ছেলে মামুন সেই কথা রেখেছে। তার এই আন্তরিকতা আমাকে আবেগাপ্লুত করেছে এবং নতুন করে সাহস জুগিয়েছে। আমি সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।’মামুন বলেন, ‘আব্বা মারা যাওয়ার আগেই আমাকে কিছু টাকা আলাদা করে বুঝিয়ে দিয়েছিলেন। তিনি বলে গিয়েছিলেন, নির্বাচনের তফসিল ঘোষণা হলে সেই অর্থ যেন চাচা আব্দুল মালেক মানিকের হাতে তুলে দিই। আব্বার শেষ ইচ্ছা ও দেওয়া কথা রাখতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। সবাই আমার আব্বার আত্মার মাগফিরাতের জন্য দোয়া করবেন।’ এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে আলহাজ্ব দবির উদ্দিন মিলার বলেন, কথা দিয়ে কথা রাখা এবং প্রয়াত বাবার প্রতিশ্রুতি সন্তানের মাধ্যমে বাস্তবায়িত হওয়া নিঃসন্দেহে একটি ইতিবাচক দৃষ্টান্ত। পারিবারিক সম্প্রীতি, ভালোবাসা ও পারস্পরিক সহযোগিতার এমন নজির সমাজে অনুকরণীয় হয়ে থাকবে।