ওসমান গনি মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা সরকারি পাইলট মডেল হাই স্কুল প্রাঙ্গণে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প শুরু হয়েছে। আন্তর্জাতিক সেবা সংস্থা ‘আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন’-এর আয়োজনে এবং ‘মেঠো পথে ৮৯ গজারিয়া ফাউন্ডেশন’-এর সহযোগিতায় এ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এতে প্রায় ৫ হাজার চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি ৫ শতাধিক রোগীর ছানি অপারেশনের উদ্যোগ নেওয়া হয়েছে।
সকাল থেকেই বিভিন্ন বয়সী রোগীরা চিকিৎসাসেবা নিতে ক্যাম্পে ভিড় জমান। ক্যাম্পে রোগীদের চোখ পরীক্ষা, চিকিৎসকের ব্যবস্থাপত্র, প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিনামূল্যে বিতরণ করা হয়। পাশাপাশি ছানি অপারেশন ও লেন্স স্থাপনের জন্য রোগী বাছাই করা হয়।
আয়োজকরা জানান, নির্বাচিত রোগীদের ছানি অপারেশন, লেন্স সংযোজন, প্রয়োজনীয় ওষুধ এবং চিকিৎসা চলাকালীন থাকা-খাওয়াসহ আনুষঙ্গিক সব ব্যয় বহন করবে আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন।
আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন পরিচালিত ঢাকার আল-নূর চক্ষু হাসপাতাল ও মক্কা চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত প্রায় ১০০ সদস্যের একটি মেডিকেল টিম ক্যাম্পে চিকিৎসাসেবা দিচ্ছেন।
ক্যাম্পের সার্বিক দিকনির্দেশনায় রয়েছেন আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন, বাংলাদেশ সেন্টারের মহাপরিচালক ডা. আহমেদ তাহের আল-মিখারি। ক্যাম্প পরিচালনায় রয়েছেন মেডিকেল ডাইরেক্টর ডা. মোহাম্মদ আবু সাঈদ, টিম লিডার ডা. সালমান আহমেদ তাহের এবং ব্যবস্থাপনায় রয়েছেন ক্যাম্প ম্যানেজার ওবায়েদ উল্ জামান।
স্থানীয় সহযোগী সংগঠন ‘মেঠো পথে ৮৯ গজারিয়া ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি কামরুল হাসান ভূঁইয়া, সাধারণ সম্পাদক রেজাউল করিম ও আহ্বায়ক সরকার নাহিদুর রহমান জুয়েল। এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আহসান উল্লাহ এবং ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ফিরোজ আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সংশ্লিষ্টরা জানান, গত চার বছরে গজারিয়ায় প্রায় ২০ হাজার মানুষকে চক্ষু চিকিৎসাসেবা দেওয়া হয়েছে এবং প্রায় ২ হাজার মানুষের ছানি অপারেশন সম্পন্ন হয়েছে।
চিকিৎসাসেবা নিতে আসা স্থানীয় রোগীরা জানান, হাতের নাগালে বিনামূল্যে অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ, প্রয়োজনীয় ওষুধ ও চশমা পাওয়ার পাশাপাশি বিনামূল্যে ছানি অপারেশনের সুযোগ পেয়ে তারা অত্যন্ত আনন্দিত। এমন মানবিক উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।