পীরজাদা মোঃ মাসুদ হোসেন, স্টাফ রিপোর্টারঃ
লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ৯নং দঃ চরআবাবিল ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের ব্যানারে ছাত্রলীগের একটি মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৭ নভেম্বর সন্ধার পর ছাত্রলীগের একদল নেতা-কর্মী মশাল হাতে নিয়ে ৯ নং দক্ষিন চর-আবাবিল ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। মিছিলে তারা সরকার বিরোধী শ্লোগানের পাশাপাশি "শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে" শ্লোগান দেয়।

উক্ত মিছিলকে কেন্দ্র করে রাতে ইউনিয়ন ছাত্রলীগ নেতা রাশেদ রানা ও আরমান হোসেনের বাড়িতে বিএনপির নেতা কর্মীরা হামলা ও ভাঙচুর চালায় মর্মে অভিযোগ উঠেছে । রাতে ছাত্রলীগ নেতা হৃদয় খান রানার বাড়িতে রাতভর পুলিশের অভিযান চালানো হয় বলে অভিযোগ করে রানা। রাশেদ রানার মা বলেন, দূর্বৃত্তরা হামলা করে তাদের বাড়ির দরজা ও জানালার কাঁচ ভেঙ্গে ঘরে ঢোকার চেষ্টা করে। এ সময় ঘরের শিশু, বৃদ্ধ ও নারীরা আতঙ্কিত হয়ে পড়েন। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চেয়েছেন।