
সেলিম মাহবুব,ছাতকঃ
২৩ জুলাই বৃহস্পতিবার সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে “আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা” অনুষ্ঠিত হয়।
সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন জনাব এ বি এম জাকির হোসেন, পিপিএম, পুলিশ সুপার, সুনামগঞ্জ। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম, সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশের সিলেট রেঞ্জ’র ডিআইজি ড. মোঃ জিল্লুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) আয়েশা আক্তার।
এছাড়াও উক্ত সভায় সুনামগঞ্জ জেলার স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ সহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, সাংবাদিক, ব্যবসায়ী ও যুব সমাজ সহ সর্বস্থরের পাঁচ শতাধিক সম্মানিত নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদক ও চোরাচালান প্রতিরোধ, সামাজিক সম্প্রীতি বজায় রাখা, জনবান্ধব পুলিশিং, গণমাধ্যমের সঙ্গে কার্যকর তথ্য আদান-প্রদান এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন
সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য জনাব নূরুল ইসলাম, এমপি বলেন, নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন, গণমাধ্যম এবং সর্বস্তরের জনগণের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধিতে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন।
সভাপতির বক্তব্যে ড. মোঃ জিল্লুর রহমান, ডিআইজি সিলেট রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, সিলেট বলেন জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে পেশাদার, স্বচ্ছ এবং জনবান্ধব পুলিশিংয়ের কোনো বিকল্প নেই।
তিনি অপরাধ প্রতিরোধ, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং নিরাপদ সমাজ গঠনে পুলিশ ও গণমাধ্যমের মধ্যে সমন্বিত উদ্যোগ ও নিয়মিত যোগাযোগের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অংশগ্রহণকারীরা আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের আস্থা বৃদ্ধিতে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে মতামত প্রদান করেন।
এছাড়াও উক্ত মতবিনিময় সভায় উপস্থিত অতিথি বৃন্দের কয়েকজনের নিকট থেকে আইন শৃঙ্খলা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে মূল্যবান মতামত গ্রহণসহ বিভিন্ন পুলিশী সেবা সংক্রান্তে প্রশ্ন নেওয়া হয়। পুলিশের পক্ষ থেকে সে সকল বিষয়ে আইনানুগ মতামত এবং জবাব প্রদান করা হয়।
প্রাণবন্ত এই মতবিনিময় এবং সম্মানিত অতিথিবৃন্দের বক্তব্য শেষে দর্শক শ্রোতাদের জন্য মাদক বিষয়ে উন্মুক্ত কুইজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শেষভাগে মাদকের কুফল সম্পর্কে তরুণ ও যুব সমাজ এবং সাধারণ মানুষকে সচেতন করতে সচেতনতামূলক বক্তব্য প্রদান করা হয়।
সবশেষে কুইজে অংশগ্রহণকারীদের মধ্যে বিজয়ীদের নিকট পুরস্কার প্রদান এবং সভায় আগত অথিতবৃন্দকে সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে প্রাণবন্ত এই মতবিনিময় সভাটি সমাপ্ত হয়।
Leave a Reply