
হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সারাদেশের মতো ঠাকুরগাঁওয়েও উৎসবের আমেজ বিরাজ করছে। ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও প্রাণবন্ত অংশগ্রহণে নির্বাচন এক আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।মির্জা ফখরুল বলেন, “ভোট এবার এতটা উৎসবমুখর হবে—এটা কেউ ভাবেনি। মানুষের যে আগ্রহ ও উচ্ছ্বাস দেখছি, তা সত্যিই আশাব্যঞ্জক। সারাদিনে প্রায় শতাধিক কেন্দ্র ঘুরে দেখেছি। এখন পর্যন্ত নির্বাচন অনেক সুন্দর ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।”তিনি আরও বলেন, “আমার বিশ্বাস, নির্বাচনে ভালো ফলাফল আসবে। এর মাধ্যমে জনগণ একটি সত্যিকারের নির্বাচিত সরকার ও কার্যকর পার্লামেন্ট পাবে—যার জন্য আমরা দীর্ঘ ১৬ বছর ধরে আন্দোলন ও সংগ্রাম করে আসছি।” বিজয় প্রসঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের রায়ই চূড়ান্ত এবং সে রায় ইতিবাচক হবে বলেই তিনি প্রত্যাশা করেন। উল্লেখ্য, ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার সংখ্যা প্রায় ৫ লাখ ১১ হাজার ৬২৯ জন। এ আসনে ১৮৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
Leave a Reply