
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কাপাসিয়ায় মো. তাফসিরুল ইসলাম অন্তর (১৩) নামের অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রের রহস্যজনক নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নিখোঁজের পর একটি ভবনের ছাদ থেকে তার রক্তমাখা স্কুল ইউনিফর্ম ও পরিচয়পত্র উদ্ধার করা হলেও, ঘটনার আট ঘণ্টা পার হওয়ার পরও অন্তরের কোনো সন্ধান মেলেনি। অন্তর কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের ডুমদিয়া গ্রামের সোহাগ খানের ছেলে এবং স্থানীয় বীরউজুলী মডেল একাডেমির শিক্ষার্থী।
যেভাবে নিখোঁজ হলো অন্তর
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক মো. আসাদুজ্জামান জানান, গতকাল (১৮ আগষ্ট ) মঙ্গলবার দুপুর ১টা ৪০ মিনিটে টিফিনের বিরতি দিলে অন্তর অন্য শিক্ষার্থীদের সঙ্গে বাইরে যায়। কিন্তু ২টা ২০ মিনিটে ক্লাস শুরু হলেও সে আর শ্রেণিকক্ষে ফিরে আসেনি। বিকেল ৩টার দিকে বীরউজুলী বাজারের ব্যবসায়ী মফিজউদ্দিনের তিনতলা ভবনের ছাদে এক ব্যক্তি মালামাল আনতে গিয়ে ভয়াবহ দৃশ্য দেখতে পান। সেখানে পড়ে ছিল রক্তমাখা একটি প্যান্ট, শার্ট, জুতো ও পরিচয়পত্র। খবর পেয়ে বিদ্যালয়ের শিক্ষকরা ঘটনাস্থলে ছুটে যান এবং অন্তরের পরিবারকে বিষয়টি জানান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান টোক নয়নবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম ও তার দল। তারা আলামতগুলো উদ্ধার করেন। পরে অন্তরের বাবা সোহাগ খান ও স্বজনরা এসে শনাক্ত করেন যে উদ্ধার হওয়া পোশাক ও পরিচয়পত্র অন্তরেরই। এ ব্যাপারে কাপাসিয়া থানার (ওসি) মোহাম্মদ নাসির আহমদ জানিয়েছেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিষয়টি তদন্ত করছে। উদ্ধার হওয়া আলামতগুলো পুলিশের হেফাজতে রয়েছে। নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান এবং এই রহস্যজনক ঘটনার পেছনের কারণ উদ্ঘাটনে পুলিশ তৎপর রয়েছে। এলাকাবাসী ও অন্তরের পরিবার এখন গভীর উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে। সবার প্রশ্ন- কোথায় গেল অন্তর? তার ইউনিফর্মে রক্ত কেন? পুলিশ কি পারবে এই রহস্যের জট খুলতে?
Leave a Reply