
মিঠুন পাল, পটুয়াখালী জেলা প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। ‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মোহাম্মদ ইজাজুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. গোলাম মোস্তফা, সদস্যসচিব মো. আলতাফ হোসেন খান, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইখতিয়ার হোসেন কবির, গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান এবং জেলা যুব অধিকার পরিষদের সহসভাপতি মোহাম্মদ মহিবুল্লাহ এনিম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাফর রানা। শুভেচ্ছা বক্তব্য দেন বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের প্রতিনিধি আফরোজা এবং গলাচিপা প্রেসক্লাবের সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মোহাম্মদ ইজাজুল হক বলেন, সব ধরনের দুর্যোগ এককভাবে মোকাবিলা করা সম্ভব নয়। সবার সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতার মাধ্যমে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব। তাই দুর্যোগ প্রশমনে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) সদস্য, গণমাধ্যমকর্মী ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply