
মোঃ সাইফুল ইসলাম (মানিক) এল এল বি অনার্স।
গাজীপুরে ফেসবুকে অপপ্রচার ও প্রোপাগান্ডা ছড়িয়ে মান সম্মান ক্ষুন্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন গাছা থানা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মো: শাহিন মিয়া। গতকাল মঙ্গলবার বিকেলে গাজীপুর সিটি প্রেসক্লাবে লিখিত বক্তব্যে এ সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে শাহিন মিয়া বলেন, কয়েক মাস যাবত আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কয়েকজন দুষ্কৃতকারী আমার ছবি আওয়ামী লীগের হেভিওয়েট নেতাদের সাথে যুক্ত করে, সুপার এডিট করে আমাকে আওয়ামীপন্থী বানানোর চেষ্টা চালানো হচ্ছে। আমি ছাত্রজীবন থেকে বিএনপির রাজনীতির সাথে যুক্ত, ছাত্রদল করে এ পর্যায়ে এসেছি। একমাত্র আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিলাম না বিধায় ম্যানেজমেন্টে অনার্স-মাস্টার্স শেষ করেও আওয়ামী সরকারের আমলে সরকারি চাকরিও ভাগ্যে জোটেনি। এমনকি বিটিআরসি থেকে রকেট ইন্টারনেট সার্ভিস নামে বৈধ লাইসেন্স নিয়ে নিয়মিত ট্যাক্স-ভ্যাট দিয়েও ব্যবসা করতে পারিনি ঠিকমতো। বিভিন্ন হুমকি এবং ভয়ভীতির মধ্যে জীবনযাপন করতে হয়েছে। আওয়ামী লীগ নেতাদের সাথে আমার কখনোই কোন ধরনের সম্পর্ক ছিল না, অথচ আমাকে মিথ্যা অপবাদ দিয়ে এগুলোতে জড়ানো হচ্ছে।
তিনি আরো বলেন, আওয়ামী ফ্যাসিবাদীদের দোসর এমারত, রাকিব, তুলিসহ কুচক্রী মহলটি মিথ্যা অপবাদ ও গুজব রটিয়ে আমার বিরুদ্ধে হাই কমান্ডের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে এবং ভুল বার্তা দেওয়ারও চেষ্টা করছে। আমি ইতিপূর্বে তাদের বিরুদ্ধে গাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। কয়েকদিন তারা এসব কাজ থেকে বিরত থাকলেও এখন প্রতিনিয়ত ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার, প্রোপাগান্ডা ও গুজব ছড়াচ্ছে। আমি এই ভিত্তিহীন অপপ্রচার এবং মিথ্যাচারের তীব্র নিন্দা জানাই। আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আমি ন্যায়বিচার চাই।
গাজীপুর মহানগরীর গাছা থানা বিএনপির সাধারণ সম্পাদক মো: কামাল উদ্দিন জানান, শাহিন দীর্ঘদিন যাবত বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত এবং তিনি গাছা থানা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক। তাকে হেয়প্রতিপন্ন করার জন্য একটি কুচক্রী মহল দীর্ঘদিন যাবত চেষ্টা চালিয়ে আসছে।
Leave a Reply