
ওসমান গনি মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা রান্নার গ্যাস সিলিন্ডার থেকে লাগা আগুনে একটি বসতঘর ও ঘরের আসবাবপত্রসহ সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাড়ির মালিক। বসতঘর হারিয়ে পরিবারটি এখন চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে।
গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের ইমামপুর গ্রামের মো. সোনা মিয়ার বসতঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে অগ্নিকাণ্ডের খবর পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে তাদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই বসতঘর ও ঘরে থাকা আসবাবপত্রসহ প্রয়োজনীয় সব মালামাল পুড়ে যায়।
বাড়ির মালিক মো. সোনা মিয়া জানান, সকালে নাস্তা তৈরির জন্য তাঁর বড় মেয়ে রান্নার গ্যাসের চুলায় আগুন জ্বালালে হঠাৎ গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামালসহ সবকিছু পুড়ে যায়। এ ঘটনায় তাঁর প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।তিনি আরও বলেন, ‘আমার চার মেয়ে। তাদের মধ্যে তিনজন স্বামীর বাড়িতে থাকে। বড় মেয়ে তার স্বামীকে নিয়ে আমার বাড়িতে থাকে। আমি ও আমার স্ত্রী এই ঘরে বসবাস করি। আমার স্ত্রী শারীরিকভাবে অসুস্থ, আমিও শ্বাসকষ্টের রোগী। আগুনে আমাদের সবকিছু পুড়ে গেছে। এখন আমরা কোথায় থাকব, কীভাবে চলব, তা নিয়ে দুশ্চিন্তায় আছি।’
গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ফিরোজ মিয়া বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।অগ্নিকাণ্ডে বসতঘর ও শেষ সম্বল হারিয়ে পরিবারটি এখন চরম দুর্ভোগে পড়েছে।
Leave a Reply