
তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি
গণমাধ্যমের ওপর হামলা চালিয়ে সাংবাদিকদের কণ্ঠ স্তব্ধ করার চেষ্টা কোনোদিনই সফল হবে না—এমন মন্তব্য করেছেন তাহিরপুরে কর্মরত সাংবাদিকরা। তারা বলেন, প্রথম আলো ও দ্য ডেইলি স্টার বন্ধ হয়নি, ভবিষ্যতেও বন্ধ করা যাবে না।প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে সন্ত্রাসী হামলা এবং জ্যেষ্ঠ সাংবাদিক নূরুল কবীরের ওপর হামলার প্রতিবাদে তাহিরপুরে সাংবাদিকদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১টায় তাহিরপুর উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশও অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, ইতিহাস সাক্ষী—কোনো কালেই সাংবাদিকতাকে রুদ্ধ করে রাখা যায়নি। প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে সন্ত্রাসী হামলার পর দেশজুড়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিবাদ দেখা দিয়েছে। বিপুলসংখ্যক পাঠক এ ঘটনার নিন্দা জানাচ্ছেন। যারা এ ধরনের ঘটনার মাধ্যমে ফায়দা লুটতে চায়, তারা উল্টো জনগণের ঘৃণার শিকার হচ্ছে।
বক্তারা আরও বলেন, পত্রিকা দু’টি প্রকাশিত হচ্ছে এবং ভবিষ্যতেও হবে। যারা কার্যালয়ে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তাদের উদ্দেশে বলতে চাই—আপনাদের চেষ্টা ব্যর্থ হয়েছে। সাংবাদিকদের থামিয়ে রাখা যাবে না। দেশ ও বিদেশের প্রাণপ্রিয় দুটি পত্রিকার সাংবাদিকদের পুড়িয়ে হত্যার চেষ্টা এবং অফিসে অগ্নিসংযোগের মধ্য দিয়ে হামলাকারীরা নিজেদেরই ঘৃণিত করেছে। সাংবাদিকদের ধ্বংস করার চেষ্টা করে কেউ রক্ষা পায়নি—বরং ইতিহাসে তারাই ধ্বংস হয়েছে।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রবীণ সাংবাদিক ও মানবকণ্ঠ প্রতিনিধি নরেন্দ্র নারায়ণ বৈশাখের সভাপতিত্বে এবং তাহিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলম সাব্বিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন—প্রেসক্লাবের দপ্তর সম্পাদক রোকন উদ্দিন, জনকণ্ঠ তাহিরপুর উপজেলা প্রতিনিধি আবির হাসাব মানিক, দৈনিক বাংলা প্রতিনিধি আবুল কাসেম, এনটিভির ইউরোপ প্রতিনিধি জাহাঙ্গীর আলম ভূঁইয়া, দৈনিক সংবাদ প্রতিনিধি কামাল হোসেন রাফি, কালবেলা তাহিরপুর উপজেলা প্রতিনিধি সৈকত হাসান, দৈনিক সংগ্রাম তাহিরপুর উপজেলা প্রতিনিধি তৌহিদুল ইসলাম, প্রতিদিনের বাংলাদেশ তাহিরপুর উপজেলা প্রতিনিধি মনিরাজ শাহসহ স্থানীয় সচেতন মহলের প্রতিনিধিরা।
Leave a Reply