
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: এস এম মাসুদ
গাজীপুরের কাপাসিয়া উপজেলার সনমানিয়া মামুরদি এলাকায় মাদুলি বিল থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে মো. গোলাম হোসেন নামের এক ব্যক্তিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। গত বুধবার (০৪ নভেম্বর ২০২৬) গভীর রাতে উপজেলা প্রশাসনের একটি ঝটিকা অভিযানে এই দণ্ডাদেশ দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত আসামিকে জেলহাজতে প্রেরণের পাশাপাশি ঘটনাস্থল থেকে একটি ট্রাক্টর জব্দ করা হয়েছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ওই রাতে কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুল হকের নেতৃত্বে কাপাসিয়া থানা পুলিশ ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়। মাদুলি বিলের পরিবেশ ও কৃষিজমি রক্ষায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই শাস্তি নিশ্চিত করা হয়।
জব্দকৃত ট্রাক্টরটি বিধি মোতাবেক ডিসপোজাল করা হবে বলে প্রশাসন জানিয়েছে। জনস্বার্থে পরিবেশ ধ্বংসকারী অবৈধ মাটি কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
Leave a Reply