
আওরঙ্গজেব কামাল :
ঢাকা মহানগরী থেকে শুরু করে সাভার, আশুলিয়া ও ধামরাই—সর্বত্র দ্রুত বাড়ছে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল। অলিগলি ছাড়িয়ে এসব যানবাহন এখন গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক, বাসস্ট্যান্ড ও ব্যস্ততম মোড়েও অবাধে চলাচল করছে। অনেক ক্ষেত্রে চালকদের নেই প্রয়োজনীয় প্রশিক্ষণ, নেই কার্যকর নিয়ন্ত্রণব্যবস্থা। ট্রাফিক আইন উপেক্ষা, যত্রতত্র যাত্রী ওঠানামা, হঠাৎ রাস্তা পরিবর্তন এবং বেপরোয়া গতিতে চলাচলের কারণে প্রতিনিয়ত বাড়ছে যানজট ও দুর্ঘটনার আশঙ্কা।
স্থানীয় বাসিন্দা ও পথচারীদের অভিযোগ, অটোরিকশার সংখ্যা যেভাবে বাড়ছে, সেভাবে বাড়ছে না সড়ক ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ। ফলে সাধারণ মানুষের নিরাপদে চলাচল এখন কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে অফিসগামী মানুষ, শিক্ষার্থী, রোগী ও জরুরি সেবার যানবাহনকে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হচ্ছে। সড়ক নিরাপত্তা নিয়ে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে সারা দেশে ৬ হাজার ৭২৯টি সড়ক দুর্ঘটনায় ৯ হাজার ১১১ জন নিহত এবং ১৪ হাজার ৮১২ জন আহত হয়েছেন। দুর্ঘটনায় সম্পৃক্ত যানবাহনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইকের অংশ ছিল ১৩ দশমিক ৫৪ শতাংশ।অন্যদিকে, রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে শুধু ঢাকা মহানগরীতে ৪০৯টি সড়ক দুর্ঘটনায় ২১৯ জন নিহত এবং ৫১১ জন আহত হয়েছেন।আরও উদ্বেগের বিষয়, ২০২৬ সালের মার্চ মাসে সারা দেশে ৫৭৬টি সড়ক দুর্ঘটনায় ৫৩২ জন নিহত এবং দুই হাজার ২০০ জনের বেশি আহত হয়েছেন বলে রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য প্রকাশিত হয়েছে। ওই মাসে অটোরিকশা ও অনুরূপ তিন চাকার যানবাহনসংশ্লিষ্ট দুর্ঘটনায় অন্তত ১১৭ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া বিআরটিএর সেপ্টেম্বর ২০২৪-এর সরকারি পরিসংখ্যানে সারা দেশে দুর্ঘটনায় সম্পৃক্ত যানবাহনের মধ্যে ১৩টি ব্যাটারিচালিত রিকশা ও ৩৯টি অটোরিকশার তথ্য পাওয়া যায়। ওই মাসে এসব যানবাহনসংশ্লিষ্ট দুর্ঘটনায় যথাক্রমে ৯ ও ২৯ জন নিহত হন। তবে এসব পরিসংখ্যানের কোনোটিই ঢাকা-সাভার-আশুলিয়া-ধামরাই এলাকার অটোরিকশা দুর্ঘটনার পূর্ণাঙ্গ মাসভিত্তিক হিসাব করা সম্ভাব নয়। ভুক্তভোগী যাত্রী জসিম বলেন, “প্রায় এক ঘণ্টা ধরে অপেক্ষা করছি। অথচ যানজটের কারণে আমরা একই জায়গায় দাঁড়িয়ে আছি। পরিস্থিতি এমন হয়েছে যে পায়ে হেঁটেও যাওয়ার কোনো উপায় নেই। রাস্তায় অটোরিকশার অবাধ চলাচল এবং এলোমেলোভাবে দাঁড়িয়ে থাকার কারণে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়ছে। পথচারী সালমা বলেন, “যেভাবে অটোরিকশার সংখ্যা বেড়েছে, তাতে আমাদের চরম ভোগান্তি হচ্ছে। একদিকে যানজট, অন্যদিকে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। রাস্তা পার হতে গেলেও ভয় লাগে। দ্রুত এসব যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করা প্রয়োজন। পরিবহন খাতসংশ্লিষ্ট পর্যবেক্ষকদের মতে, ব্যাটারিচালিত অটোরিকশার ক্ষেত্রে চালকদের প্রশিক্ষণ, চালনার অনুমতি, যানবাহনের কারিগরি নিরাপত্তা, ব্রেক ও লাইটের কার্যকারিতা এবং নির্দিষ্ট রুট ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি। ঢাকা ট্রিবিউনের ১৭ মে ২০২৬-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাটারিচালিত অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচল রাজধানীর যানজট ও সড়ক নিরাপত্তার বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, প্রায় ২০ হাজার চালককে প্রাথমিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কিন্তু বাস্তবে নিয়ন্ত্রণব্যবস্থার ঘাটতি এখনো রয়েছে। বিশেষজ্ঞদের মতে, শুধু যানবাহনের সংখ্যা কমানো নয়, বরং নিরাপদ নকশা, প্রশিক্ষিত চালক, নিবন্ধন, নির্দিষ্ট রুট এবং কঠোর ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। ঢাকা ও আশপাশের এলাকায় দুর্ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর), এনাম মেডিকেল কলেজ হাসপাতাল, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতাল এবং আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের মতো প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ চিকিৎসাসেবা দিয়ে থাকে।কিন্তু এসব হাসপাতালের জরুরি বিভাগে প্রতি মাসে কতজন অটোরিকশা দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসা নিতে আসেন, কতজন ভর্তি হন এবং কতজন মারা যান—এমন সমন্বিত ও যানবাহনভিত্তিক পরিসংখ্যান জনসমক্ষে সহজলভ্য নয়। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কয়েকটি জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে—
১. ব্যাটারিচালিত অটোরিকশার নিবন্ধন ও চালকদের পরিচয় যাচাই নিশ্চিত করা।
২. চালকদের জন্য বাধ্যতামূলক ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণের ব্যবস্থা করা।
৩. ঢাকা মহানগরী, সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের প্রধান সড়ক ও মহাসড়কে অনিয়ন্ত্রিত অটোরিকশা চলাচল বন্ধ করা।
৪. নির্দিষ্ট রুট, স্ট্যান্ড ও যাত্রী ওঠানামার স্থান নির্ধারণ করা।
৫. ফিটনেসবিহীন, ত্রুটিপূর্ণ ব্রেক ও অনিরাপদ ব্যাটারিযুক্ত যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।
৬. নিয়মিত ট্রাফিক অভিযান এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।
৭. হাসপাতাল, থানা, ট্রাফিক বিভাগ ও বিআরটিএর মাধ্যমে মাসিক দুর্ঘটনার পরিসংখ্যান প্রকাশ করা।
৮. পথচারীদের ফুটপাত ও রাস্তা পারাপারের স্থান দখলমুক্ত রাখা। অটোরিকশা অনেক নিম্নআয়ের মানুষের জীবিকা এবং সাধারণ মানুষের স্বল্প খরচের যাতায়াতের মাধ্যম। তাই নির্বিচারে সব অটোরিকশা বন্ধ করাই সমাধান নয়। প্রয়োজন নিরাপদ ও নিয়ন্ত্রিত পরিবহনব্যবস্থা। কিন্তু জনজীবনের নিরাপত্তা উপেক্ষা করে কোনো যানবাহনের অবাধ চলাচল চলতে পারে না। সংশ্লিষ্ট প্রশাসন, বিআরটিএ, ট্রাফিক পুলিশ, সিটি করপোরেশন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগ ছাড়া এই পরিস্থিতির পরিবর্তন কঠিন। প্রশ্ন এখন একটাই—সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং সাধারণ মানুষের জীবন রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আর কতদিন অপেক্ষা করবে?
লেখক ও গবেষক
আওরঙ্গজেব কামাল
সভাপতি: ঢাকা প্রেসক্লাব,
ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব।
Leave a Reply