
*সেলিম মাহবুব, ছাতক:*
ছাতক থানায় কর্মরত উপ-পরিদর্শক (এসআই) আবু বকর সিদ্দিক ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৩টার দিকে মৃত্যুবরণ করেছেন।
এসআই আবু বকর সিদ্দিকের মৃত্যুর খবর পেয়ে থানায় যান সুনামগঞ্জ-৫, ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য ও ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন। থানায় উপস্থিত হয়ে তিনি এসআই আবু বকর সিদ্দিকের মৃত্যুতে শোক প্রকাশ করেন।
এসময় তিনি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে ওসি কামাল হোসেনের কাছ থেকে তাঁর পরিবারের খোঁজখবর নেন এবং এসআই আবু বকর সিদ্দিকের আত্মার মাগফেরাত কামনা করেন।
এমপি কলিম উদ্দিন আহমেদ মিলনের সাথে এসময় থানায় উপস্থিত ছিলেন ছাতক পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সামসুর রহমান বাবুল, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. কয়েছ আহমেদ, উপজেলা জাসাসের আহ্বায়ক আব্দুল আলিম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক তারেক আহমেদ, ছাতক পৌর ছাত্রদলের আহ্বায়ক স্বাচ্ছা আবেদীন প্রমুখ।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেনসহ পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে এমপি মিলন বলেন, পুলিশের মেধা, দক্ষতা ও পরিশ্রম দিয়ে ছাতকে আইন-শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে। তিনি থানায় বিশুদ্ধ পানীয় জলের জন্য একটি গভীর নলকূপ স্থাপনসহ এসআইদের বাসভবন সংস্কার করে দেওয়ার আশ্বাস প্রদান করেছেন।
Leave a Reply