
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কাপাসিয়ায় সড়কে ঝুলে থাকা ডিসের (ক্যাবল) তারে গলা পেঁচিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় মৃদুল হাসান (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৫ জুন) বেলা ৩টার দিকে উপজেলার রায়েদ বাজার হতে পাচুয়া এলাকায় আসার পথে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মৃদুল হাসান কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়নের দেওনা এলাকার বাসিন্দা এবং স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) আমজাদ হোসেনের ছেলে। তার মায়ের নাম লিপি আক্তার। তিন ভাইবোনের মধ্যে মৃদুল ছোট। সে ২০২৬ সালের এসএসসি পরীক্ষা দিয়ে মাত্রই ফল প্রকাশের অপেক্ষায় ছিল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুর ৩টার দিকে মৃদুল মোটরসাইকেল চালিয়ে রায়েত বাজার এলাকা থেকে পাচুয়া এলাকার দিকে আসছিল। পথিমধ্যে সড়কের ওপর বিপজ্জনকভাবে ঝুলে থাকা ডিসের তার হুট করেই তার গলায় পেঁচিয়ে যায়। এতে সে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসএসসি পরীক্ষা শেষ করা তরতাজা এই তরুণের এমন আকস্মিক ও নৃশংস মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে চারপাশ।
এ ব্যাপারে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির আহমদ জানান, সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। সড়কের ওপর ক্যাবল অপারেটরদের ঝুলন্ত তার মোটরসাইকেলের গতি খুব দ্রুত থাকার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সড়ক সুরক্ষায় এমন ঝুঁকিপূর্ণ তারের বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply