
সৈয়দ মুনিরুল হক নোবেল:
পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জামালপুরে বিনামূল্যে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার (২৬ জুলাই) বিকেলে জামালপুর পৌর শহরের রশিদপুরে অবস্থিত ঐতিহ্যবাহী সমাজসেবামূলক সংগঠন রশিদপুর বটতলা সিবিও-এর উদ্যোগ এবং ভিক্টর সামাজিক সাংস্কৃতিক সংস্থা সহযোগিতায় এ উপলক্ষে সংগঠনের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রশিদপুর ইজ্জাতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাহ্ আব্দুল্লাহ আল মুর্শেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মাহাবুবুর রহমান আব্দুল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রশিদপুর বটতলা সিবিওর সভাপতি মোছাঃ আরিফা মোস্তাফিজ। অনুষ্ঠানটি সার্বিক তত্তাবধানে ছিলেন, সংগঠনের নির্বাহী পরিচালক মোছাঃ মোস্তাকিমা। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন, সংগঠনের কার্যনির্বাহী সদস্য ইমান আলী ও সাদিয়া আক্তার।
আলোচনা সভা শেষে স্থানীয় দরিদ্র, অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। পরে সংগঠনের উদ্যোগে মোস্তাকিমা আলোকিত প্রতিবন্ধী বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সমাজের প্রতিটি মানুষকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, রশিদপুর বটতলা সিবিও ২০১০ সালে প্রতিষ্ঠার পর থেকে নিজস্ব অর্থায়নে সমাজের বিভিন্ন সমস্যা নিরসন, জনসচেতনতা বৃদ্ধি এবং মানবকল্যাণমূলক নানা উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। বিনামূল্যে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণের এই কর্মসূচিও সংগঠনটির ধারাবাহিক সমাজসেবামূলক উদ্যোগের অংশ। ভবিষ্যতেও সংগঠনটি এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
Leave a Reply