
কক্সবাজার জেলা প্রতিনিধি
শিশুর সুস্থ মানসিক বিকাশ, সৃজনশীলতা ও সামাজিক দক্ষতা গড়ে তুলতে খেলাধুলা ও নিরাপদ বিনোদনের গুরুত্ব অপরিসীম। অথচ কক্সবাজারের জনবহুল ও গুরুত্বপূর্ণ উপজেলা উখিয়ায় আজও শিশুদের জন্য গড়ে ওঠেনি কোনো পরিকল্পিত বিনোদনকেন্দ্র বা আধুনিক শিশু পার্ক।
উখিয়ায় সরকারি-বেসরকারি, জাতীয় ও আন্তর্জাতিক শত শত সংস্থা বিভিন্ন উন্নয়নমূলক ও মানবিক কার্যক্রম পরিচালনা করছে। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামোসহ নানা খাতে উন্নয়ন কর্মকাণ্ড চললেও শিশুদের আনন্দ, খেলাধুলা ও সৃজনশীল বিকাশের জন্য একটি নিরাপদ স্থান এখনো অনুপস্থিত।
ফলে অনেক শিশুই নিরাপদ পরিবেশে খেলাধুলা ও অবসর কাটানোর সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। অথচ একটি শিশু পার্ক শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সামাজিকতা, নেতৃত্ব ও সৃজনশীলতা চর্চার সুযোগ তৈরি করতে পারে।
তাই উখিয়া সদরকেন্দ্রিক সহজ যোগাযোগব্যবস্থাসম্পন্ন একটি উপযুক্ত স্থানে আধুনিক ও নিরাপদ শিশু পার্ক প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। সেখানে বয়স উপযোগী খেলাধুলার সরঞ্জাম, সবুজ পরিবেশ, হাঁটার জায়গা, বসার স্থান এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন।
এ বিষয়ে উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি উন্নয়ন সংস্থা, দাতা প্রতিষ্ঠান ও সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগ প্রত্যাশা করছি।
শিশুদের জন্য পার্ক কোনো বিলাসিতা নয়, এটি তাদের সুস্থ শৈশব ও সুন্দর ভবিষ্যৎ গড়ার বিনিয়োগ। শিশুবান্ধব উখিয়া গড়ে তুলতে একটি আধুনিক শিশু পার্ক প্রতিষ্ঠায় এখনই কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
লেখক: মাহাবুব কাউসার
উন্নয়নকর্মী
Leave a Reply