
মিঠুন পাল,পটুয়াখালী জেলা প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপা উপজেলার ডাকুয়া ব্রিজ বাজারে সিটি ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের নতুন আউটলেটের শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা, গ্রাহক সমাবেশ এবং দোয়া-মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
সোমবার (২৪ আগস্ট) বিকেলে ডাকুয়া ব্রিজ বাজারে আয়োজিত অনুষ্ঠানে ফিতা কেটে নতুন এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরে অতিথি ও ব্যাংক কর্মকর্তারা কেক কেটে আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু করেন। অনুষ্ঠানটির আয়োজনে ছিলেন সিটি ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের এজেন্ট ওনার মোহাম্মদ রাসেল হাওলাদার।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কাজী মাইনুল। পরে স্বাগত বক্তব্য দেন সিটি ব্যাংকের বরিশাল অঞ্চলের রিজিওনাল হেড জহির উদ্দিন খান।
অনুষ্ঠানে বক্তব্য দেন সিটি ব্যাংক পিএলসির কাস্টমার অ্যান্ড ট্রানজেকশন ইউনিটের হেড মোরশেদ আবেদীন, হেড অব চ্যানেল ডেভেলপমেন্ট চন্দন কুমার নাগ এবং হেড অব এজেন্ট ব্যাংকিং মো. মহিবুর রহমান।
এ সময় গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইমতিয়াজ আহাম্মেদ উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে ৮ নম্বর ডাকুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেন খান, প্রেস ক্লাব গলাচিপার সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুয়েলসহ স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে সহজ ও আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে এজেন্ট ব্যাংকিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ডাকুয়া ব্রিজ বাজারে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং চালু হওয়ায় স্থানীয় জনগণের ব্যাংকিং সেবা গ্রহণ আরও সহজ হবে। এতে সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি সাধারণ মানুষের ব্যাংকিং সেবার সুযোগ আরও সম্প্রসারিত হবে।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ, সিটি ব্যাংকের অগ্রগতি এবং নতুন এজেন্ট ব্যাংকিংয়ের সফলতার জন্য দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শেষে অতিথিরা নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেটের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। স্থানীয় গ্রাহকরা ডাকুয়া ব্রিজ বাজারে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং চালু হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত, নিরাপদ ও হয়রানিমুক্ত ব্যাংকিং সেবা প্রত্যাশা করেন।
Leave a Reply