
মোঃ আব্দুল হামিদ সরকার নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর ডিমলা উপজেলার ডাংগাটারী সীমান্তে অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধভাবে আসা অলিভ অয়েল ও বিগ মেটাল ওয়ান টাইম রেজার আটক করেছে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)।
বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) রাত আনুমানিক ১টা ২০ মিনিটে ডাংগাটারী বিওপির হাবিলদার উত্তম কুমারের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ভারত থেকে অবৈধভাবে আসা এসব চোরাচালানি মালামাল আটক করতে সক্ষম হয় বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আটক করা মালামালগুলো অবৈধভাবে সীমান্ত অতিক্রমের মাধ্যমে চোরাচালান করে পরিবহন করা হচ্ছিল। পরে সীমান্তে নিয়োজিত টহল দল অভিযান পরিচালনা করে মালামালগুলো আটক করে।
আটক মালামাল যথাযথ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর এবং প্রয়োজনীয় কাস্টমস কার্যক্রম সম্পন্নের জন্য প্রক্রিয়াধীন রয়েছে।
রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
এছাড়া চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও তাদের গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। চোরাচালান চক্রের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) দৃঢ় অবস্থানে রয়েছে।
Leave a Reply