
এস এম মাসুদ কাপাসিয়া (গাজীপুর):
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় পরিবেশ ধ্বংসকারী ও কৃষিজমির উর্বরতা নষ্টকারী অবৈধ মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুল হক। তাঁর নেতৃত্বে পরিচালিত এক সাঁড়াশি অভিযানে মাদুলি বিল থেকে অবৈধভাবে মাটি কাটার সময় মো. গোলাম হোসেন নামের এক ব্যক্তিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানা (অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড) প্রদান করা হয়েছে।
গত বুধবার (০৪ নভেম্বর ২০২৬) গভীর রাতে কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়নের মামুরদি এলাকার মাদুলি বিলে এই ঝটিকা অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ ও কৃষিজমি রক্ষায় ইউএনও হাফিজুল হকের এই তাৎক্ষণিক পদক্ষেপে স্থানীয় সচেতন মহলে স্বস্তি নেমে এসেছে। প্রশাসন সূত্রে জানা যায়, গভীর রাতে মাদুলি বিলে একটি চক্র অবৈধ উপায়ে কৃষিজমি ও বিলের মাটি কেটে আসছিল—এমন গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করেন ইউএনও হাফিজুল হক। কাপাসিয়া থানা পুলিশ ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত টিম নিয়ে তিনি নিজে ঘটনাস্থলে উপস্থিত হন এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাৎক্ষণিকভাবে এই শাস্তি নিশ্চিত করেন। এ সময় ঘটনাস্থল থেকে মাটি পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক্টর জব্দ করা হয়। অভিযান শেষে দণ্ডপ্রাপ্ত আসামিকে তাৎক্ষণিকভাবে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুল হক জানান, জব্দকৃত ট্রাক্টরটি বিধি মোতাবেক ডিসপোজাল করা হবে। তিনি আরও দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেন, জনস্বার্থে এবং কাপাসিয়ার সবুজ পরিবেশ ও কৃষিজমি রক্ষার্থে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এমন কঠোর অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।
Leave a Reply