
বড়লেখা প্রতিনিধি:
পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বড়লেখায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে কুতুব আলী একাডেমির শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা বিতরণ করা হয়।
নিসচা নেতারা জানান, ‘নিরাপদ সড়ক সম্মৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী ধারাবাহিক কর্মসূচির ১৪’তম দিনে এ কার্যক্রম পরিচালনা করা হয়। কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। চারা হাতে পেয়ে শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণ ও নিজ নিজ বাড়িতে তা রোপণের প্রত্যয় ব্যক্ত করে।
এ সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক বদরুল ইসলাম, নিসচা বড়লেখা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, মাসব্যাপী কর্মসূচি বাস্তবায়ন কমিটির সদস্য সচিব জমির উদ্দিন, সহ-প্রচার সম্পাদক শাহরিয়ার শাকিল, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক ছাদিকুর রহমান, সহকারী শিক্ষক মিজানুর রহমান, আশরাফুল ইসলাম, রেমি বেগম, আমিনা রহমান, রোকসানা বেগমসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
শিক্ষকরা পরিবেশ রক্ষায় এমন উদ্যোগের প্রশংসা করে বলেন, নিসচা সড়ক দুর্ঘটনারোধে সচেতনতা মূলক কার্যক্রমের পাশাপাশি আরও বিভিন্ন সামাজিক ব্যতিক্রমধর্মী কার্যক্রম অব্যাহত রেখেছে সেজন্য তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এছাড়া শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই বৃক্ষরোপণে উৎসাহিত করা হলে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে পরিবেশবান্ধব মানসিকতা গড়ে উঠবে।
Leave a Reply